২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও মাদক চোরাচালান প্রতিরোধে ২টি চুক্তি স্বাক্ষর

দ্বিপাক্ষিক বাণিজ্য ও মাদক চোরাচালান প্রতিরোধে মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 10:38 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেড় ঘন্টার বৈঠকের পর চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।

মাদক চোরাচালান রোধে সহযোগিতা চুক্তিটিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ও ভারতের বাণিজ্য মন্ত্রী কমলনাথ নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ও কমলনাথ সংশোধিত বাণিজ্য চুক্তিটিতে স্বাক্ষর করেন।

তবে দীর্ঘ মেয়াদী অভ্যন্তরীন পানি বন্টন ও ট্রানজিট চুক্তি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত তা স্বাক্ষর হয়নি।

হায়দারাবাদ হাউজে চুক্তি দুটি স্বাক্ষরিত হয়।

এর আগে দিনের প্রথমভাগে ভারতের রাজধানী নয়দিল্লির রাষ্ট্রপতি ভবন চত্বরে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উৎসবপূর্ণ পরিবেশে অভ্যর্থনা জানানো  হয়।

আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠান শেষে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং সাংবাদিকদের বলেন, ‘ভারত, দক্ষিণ এশিয়া এবং সামগ্রিকভাবে এশীয় অঞ্চলের স্বার্থে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশই কাম্য’।

ড. সিং নিকট প্রতিবেশী দেশ দুটির মধ্যে দ্বিপাক্ষিক সর্ম্পকের নতুন দ্বার উন্মোচনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

মনমোহন সিং বলেন, তিনি (খালেদা জিয়া) একজন সম্মানিত অতিথি এবং বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ দুটি দ্বিপাক্ষিক সকল ইস্যু নিয়ে আলোচনা করবে।

মোটর শোভাযাত্রা সহযোগে খালেদা জিয়া রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাকে স্বাগত জানান।

ভারতীয় সেনাবাহিনীর একটি চৌকষ দল তাকে সেখানে গার্ড অব অনার প্রদান করে। এ সময় ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর বাজানো হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়া পরে গার্ড পরিদর্শন করেন।

আনুষ্ঠানিক গার্ড অব অনার গ্রহণ শেষে খালেদা জিয়া সাংবাদিকদের বলেন, সকল বিষয় নিয়ে আলোচনা করতে তিনি ‘খোলা মন’ নিয়ে এসেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদানের সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম. মোর্শেদ খান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী দয়ানিধি মারান, পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী ই আহমেদ, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি সংবর্ধনা প্রদানের সময় ভারতীয় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন।

এর আগে নয়াদিল্লি’র রাজঘাটে মহাত্মা গান্ধী’র সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। গান্ধী মেমোরিয়ালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজঘাট সমাধি কমিটির সচিব নির্মলা দেশপাণ্ডে।

খালেদা জিয়া ভারতের মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবতা পালন করেন।

পরে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান অন্যান্যরা এ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পরে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনে ভারতীয় রাষ্ট্রপতি  এপিজে আব্দুল কালামের সাথে সাক্ষাৎ করেন।

ভারতীয় রাষ্ট্রপতি এসময় বাংলাদেশ ও ভারতের মধ্যে আরও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার প্রস্তাব রেখে বলেন, “এতে করে মনের সংযোগ আরও বাড়বে”।

তিনি বলেন, “প্রত্যক্ষ যোগাযোগ মানসিক যোগাযোগের ক্ষেত্রকে আরও প্রসারিত করে।”

রাষ্ট্রপতি আব্দুল কালাম ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মধ্যকার এ বৈঠক ৩০ মিনিট স্থায়ী হয়। বৈঠকে আব্দুল কালাম দু’ দেশের মধ্যে যোগাযোগ আরও বাড়ানোর জন্য সড়ক, রেল ও আকাশ পথে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি ভবনের মুখপাত্র এসএম খান জানান, ভারতের রাষ্ট্রপতি টেলিমেডিসিনসহ গ্রামীণ স্বাস্থ্য কর্মসূচির ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চান।

এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের ভাইস প্রেসিডেন্ট শ্রী বাইরন সিং শেখাওয়াত এর সাথে তার বাসভবনে সাক্ষাত করেন।

সরকারি সূত্র জানায়, শ্রী শেখওয়াত তার বাসভবনে খালেদা জিয়াকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে জাতিগত এবং সংস্কৃতিগত ঘনিষ্ট সম্পর্কের কথা স্মরণ করেন।

“দুই নেতা এসময় দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বৃহত্তর সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি, মানুষে মানুষে আন্তরিকতার সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। 

প্রায় আধা ঘন্টা ধরে তাদের মধ্যে আলোচনা চলে।