২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীম কোর্টে কিবরিয়া হত্যার পুনঃতদন্তের আবেদন খারিজ

সুপ্রীম কোর্ট মঙ্গলবার আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 08:41 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি এম. রুহুল আমিন ও বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের দেওয়া রায় বজায় রেখে জানান, বিচার আদালত প্রয়োজন মনে করলে এ মামলায় পুনঃতদন্তের ব্যবস্থা নেবে।

মামলায় অভিযুক্ত আব্দুল কাইয়ুম চৌধুরীর কৌঁসুলী অ্যাড. আব্দুস সোবহান মঙ্গলবার বিডিনিউজকে বলেন, সুপ্রীম কোর্টের আদেশের কারণে স্থগিত আদেশ খারিজ হয়ে গেছে, মামলাটি এখন বিচার আদালতে যাবে।

মামলাটি বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় রয়েছে।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে এক জনসভায় গ্রেনেড হামলায় এসএএমএস কিবরিয়া এবং স্থানীয় আরও চারজন আওয়ামী লীগ নেতা নিহত হন।

সিআইডি’র সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান ২০০৫ সালের ২০ মার্চ ১০ জনকে আসামি করে কিবরিয়া হত্যা মামলার চার্জশিট প্রদান করেন।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান অভিযোগ করেন, তাকে অবজ্ঞা করে সিআইডি ওই চার্জশিট গঠন ও আদালতে দাখিল করে।

অ্যাড. আব্দুল মজিদ খান ২০০৫ সালের ৪ মে হবিগঞ্জ জেলা জজের আদালতে মামলায় পুনঃতদন্তের জন্য একটি আবদেন করেন। জেলা জজ তার এ আবেদন খারিজ করে দেয়।

পরে তিনি জেলা জজের এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনে তিনি চার্জশিট বাতিল ও পুনঃতদন্তের ব্যাপারে অনুরোধ জানান।

২০০৫ সালের ২১ নভেম্বর বিচারপতি শরিফউদ্দিন চাকলাদার ও বিচারপতি এএফএম আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ তার এ আবেদনটি খারিজ করে দেন।

কিবরিয়া হত্যা মামলায় পুনঃতদন্তের একটি আবেদনের পিরিপ্রেক্ষিতে সুপ্রীম কোর্টের গত ৭ ফেব্র“য়ারি আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি আমিরুল ইসলাম চৌধুরী হাইকোর্টের আদেশের ব্যাপারে তিন সপ্তাহের স্থগিত আদেশ দেন।

গত ৫ মার্চ পুনঃতদন্তের আবেদন জানিয়ে অ্যাড. আব্দুল মজিদ খান সুপ্রীম কোর্টে একটি লিভ টু আপিল দায়ের করেন।

আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন ও অ্যাড. মাহবুবে আলম। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান এবং অভিযুক্ত আব্দুল কাইয়ুম চৌধুরীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আব্দুস সোবহান।