যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৮৭তম জন্মদিন পালিত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৭তম জন্মদিন শুক্রবার সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবে পালন করে।
বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ফ্লোরিডায় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।
দিনটি উপলক্ষে আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক -- সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করে।
আওয়ামী লীগ সকালে কেন্দ্রীয় ও সারাদেশে সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রাখা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে। এছাড়া দেশব্যাপী আয়োজন করা হয় মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি, প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী, আব্দুর রাজ্জাক এমপি, তোফায়েল আহমেদ এবং যুগ্ন সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে রক্ষিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এছাড়া আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
বিকেলে বঙ্গবন্ধু জাদুঘর চত্বরে মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াতেও দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র নেতৃত্বে কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল এ উপলক্ষে টুঙ্গিপাড়ার কর্মসূচিতে অংশ নেয়।
