মে মাসেই নির্বাচন পর্যবেক্ষণ মিশনের অগ্রবর্তী দল পাঠাতে ইইউ প্রস্তুত
বাংলাদেশ অনুরোধ করলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চলতি বছরের মে অথবা জুন মাসে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের অগ্রবর্তী দল পাঠাতে আগ্রহী।
ইউরোপীয় কমিশনের (ইসি) এশিয়া ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের উপ--মহাপরিচালক হার্ভে জোয়াজোঁ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, অনুরোধ জানিয়ে আমাদের আনুষ্ঠানিক চিঠি দেওয়া হলে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের অগ্রবর্তী দলটি যত দ্রুত সম্ভব এখানে এসে উপস্থিত হবে। সেটা হতে পারে মে অথবা জুনের শুরুতেই। তিনি বলেন, ইইউ অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনকে গুরুত্ব দিয়ে থাকে।
ঢাকার ইসি প্রতিনিধি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, পর্যবেক্ষণ দল কঠোর প্রটোকল অনুসরণ করবে। তবে নির্বাচন পূর্ব পরিস্থিতি স্বচ্ছ এবং পরিবেশ যথার্থ না হলে তারা আসবে না। তিনি মন্তব্য করেন, আমরা যদি সন্তুষ্ট না হই, তাহলে আমরা আসব না।
বাংলাদেশে ২০০৭ সালের জানুয়ারিতে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইইউ’র অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষণ দল নির্বাচনপূর্ববর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করার লক্ষ্যেই এ প্রস্তাব দিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচন আইনের সংস্কারের প্রস্তাব সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ইসির উপমহাপরিচালক বলেন, এটি একটি অভ্যন্তরীণ বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মাধ্যমে এটি সুরাহা করতে হবে।
তিনি বলেন, কেউ সঠিক বা ভুল নয়। রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে নির্বাচনের জন্যই কেবল গণতন্ত্র নয়। এটি জনগণের জীবনযাত্রার সাথে জড়িত। গণতান্ত্রিক নীতির ওপর ভিত্তি করে সেখানে বিতর্ক হতে হবে।
চলতি বছরে ইইউ যে ১২টি দেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে বলে কথা রয়েছে বাংলাদেশ তার একটি।
জুয়োজোঁ আশাপ্রকাশ করে বলেন, সকল রাজনৈতিক দল একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন ব্যবস্থায় সংস্কারের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছাতে গঠনমূলকভাবে কাজ করবে। তিনি বলেন, বাইরের পর্যবেক্ষক দলের মাধ্যমে নয়, সংলাপের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে সমস্যা সমাধান করতে হবে।
খসড়া ভোটার তালিকা পূর্ণাঙ্গভাবে যাচাই-বাছাই করতে আরো সময় প্রদানের প্রয়োজনীয়তা ওপর ইইউ প্রতিনিধি দলের প্রধান গুরুত্ব আরোপ করেন। তালিকাটি ইন্টারনেটে প্রকাশ করা যেতে পারে বলে তিনি মন্তব্য করেন।
রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইসি প্রতিনিধি দলের প্রধান স্টেফান ফ্রোইন, হেলেন ক্যাম্পবেল, বেত্রিজ মাটরিন্স, ফিলিপস মেয়ার ও স্যামুয়েল ক্যানটেলসহ ইইউ’র কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ইউরোপীয় কমিশন-বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠকে যোগদান করতে জুয়াজোঁ ও তার দল ১৩ মার্চ ঢাকায় পৌঁছায়। তারা ইতোমধ্যে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান, প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
এসব বৈঠকে আসন্ন সংসদীয় নির্বাচন, সন্ত্রাসবাদ, মানবাধিকার ও সুশাসন নিয়ে আলোচনা হয়।
জুয়াজোঁ বলেন, বাংলাদেশের প্রতিটি বৈঠকের ফলাফলে তিনি পুরোপুরি সন্তুষ্ট। ঢাকার সাথে ইইউ’র বড় ধরনের বাণিজ্য ঘাটতি রয়েছে। ইইউ এ বাণিজ্য ঘাটতিকে বাংলাদেশের প্রতি তাদের একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে দেখে বলে তিনি জানান।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক খাতে স্থিতিশীল প্রবৃদ্ধিকে আমরা স্বাগত জানাই। আপনারা স্থিতিশীল পথে কাজ করছেন। অন্যান্য দেশে বাজার সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ ইউরোপীয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে তার পণ্য বহুমুখীকরণে সচেষ্টা হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
বহুলআলোচিত দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যকরভাবে এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা বারবার সরকারের কাছে পরিষ্কার বার্তা প্রেরণ করেছি।
অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের সাথে প্রতিনিধি দলের বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ইইউ প্রকল্পে অর্থায়নে সরকারকে আরো বেশি দক্ষ হওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
জঙ্গি নেতা আব্দুুর রহমান ও বাংলা ভাইয়ের গ্রেপ্তার সম্পর্কে তিনি আশা প্রকাশ করে বলেন, শীর্ষ জঙ্গি সন্ত্রাসীদের বিচার নিরপেক্ষ ও স্বচ্ছতা বজায় রেখেই সম্পন্ন করা হবে।
