২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ইস্যুতে লিখিতভাবে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি আ.লীগ

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে লিখিতভাবে সুনির্দিষ্ট প্রস্তাব আসলে আলোচনায় বসতে রাজি রয়েছে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 08:35 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

দলের শীর্ষ নেতারা বলেছেন, টার্মস অব রেফারেন্স ছাড়া আওয়ামী লীগ এ ব্যাপারে কোনো প্রস্তাব গ্রহণ করবে না। বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা উত্থাপিত প্রস্তাব আলোচনার ভিত্তি হতে হবে।

বুধবার আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শেখ হাসিনার সভাপতিত্বে ধানমণ্ডির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে সংসদের চিফ হুইপ খোন্দকার দেলওয়ার হোসেনের মঙ্গলবার দেওয়া প্রস্তাব নাকচ করা হয়।

এসময় প্রশ্ন তোলা হয়, ‘তিনি (দেলওয়ার) এই প্রস্তাব দেওয়ার কে? তাকে নিয়ে তার দলের মধ্যেই তো বিতর্ক রয়েছে। তার মতো একজন ব্যক্তির প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না। আর জাতীয় এমন একটি সমস্যা তাকে দিয়ে সমাধান হতে পারে না।’

সভার মাঝখানে মাগরিবের নামাজের বিরতির সময়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠক সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী একদিকে সংস্কার প্রস্তাবকে অবাস্তব ও অবান্তর বলছেন। সংস্কার প্রস্তাবকে নাকচও করছেন। অন্যদিকে তিনি কমিটি গঠনের কথা বলছেন। তাই এ ব্যাপারে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

কাদের বলেন, সরকারের সদিচ্ছা থাকলে শেখ হাসিনার সংসদে দেওয়া প্রস্তাবের ভিত্তিতেই আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দিতে হবে। হাওয়ায় ছেড়ে দিলে তা কোনো মতেই গ্রহণযোগ্য হবে না।  

সংস্কার প্রস্তাব বিষয়ে দলের অবস্থান এবং সভার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘নো রিফর্ম--নো ইলেকশন’।

সভায় গত ১২ মার্চ আওয়ামী লীগসহ ১৪ দলের নির্বাচন কমিশন ঘেরাও এবং পরদিন ১৩ মার্চ যুবলীগের হরতালে পুলিশের হামলা এবং মহিলা কর্মীদের ওপর ‘বর্বরোচিত নির্যাতনের’ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এছাড়া ইডেন কলেজে আন্দোলনরত ছাত্রীদের ওপর ’ছাত্রদল ক্যাডারদের হামলা’ এবং কলেজ বন্ধ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আওয়ামী লীগ।

সভা থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি, সার, বিদ্যুৎ, ডিজেল, গ্যাস, পানি সংকটের কারণে জনজীবনে এখন দুর্বিসহ অবস্থায় রয়েছে।