২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে থাকতে হবে: আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, এমপি বুধবার বলেছেন, রাষ্ট্রপতি নিরপেক্ষ ও নির্দলীয় নয় তাই জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর ক্ষমতা রাষ্ট্রপতি’র অধীনে রাখা যাবেনা। সংস্কারের মাধ্যমে সেনাবাহিনীর ক্ষমতা নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে থাকতে হবে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

নরসিংদী জেলা ও সদর উপজেলা কৃষকলীগ আয়োজিত সার, ডিজেল, বিদ্যুৎ সংকট নিরসন ও কৃষক হত্যা দিবস উপলক্ষে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার কৃষক বিরোধী সরকার, কৃষক মারার সরকার। তারা ১৯৯৫ সালে সারের দাবিতে আন্দোলনরত ১৮ কৃষককে হত্যা করেছে। কিছুদিন আগেও তারা কানসাটে বিদ্যুতের দাবীতে আন্দোলনরত দশ নিরীহ মানুষকে গুলি করে হত্যা করেছে।

তিনি তার বক্তব্যে সোমবার রাজধানীতে হরতাল চলাকালে বিরোধী নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতন, ঘনঘন লোডশেডিং,  জ্বালানি তেল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর উর্ধ্বগতির সমালোচনা করে সরকারের পদত্যাগ দাবী করেন।

দক্ষিণ শীলমান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা কৃষকলীগ সভাপতি মো: লাবিব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন আ’লীগের কেন্দ্রীয় নেতা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আ: মতিন খসরু, আ.লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মো: নুরুল ইসলাম, সাবেক সচিব মোহাম্মদ আলী, কৃষকলীগ সভাপতি ড: মির্জা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা, নরসিংদী জেলা আ. লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আ: মতিন ভূঁইয়া।