২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের দাবিতে সারাদেশে ১৪ দলের নির্বাচন অফিস ঘেরাও

প্রধান বিরোধী দল আওয়ামী লীগসহ ১৪ দল সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে রোববার সারাদেশে নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করে। এ ব্যাপারে বিডিনিউজ প্রতিনিধিরা দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিবেদন পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2006, 06:46 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, আওয়ামী লীগসহ ১৪ দলের দেশব্যাপী নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইল জেলা সদর সড়কে জেলা নির্বাচন অফিস ঘেরাও করে। ঘেরাও শেষে বিক্ষুব্ধ কর্মীরা নির্বাচন অফিসে ইট--পাটকেল নিক্ষেপ করে। জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান খান শাজাহানের সভাপতিত্বে নির্বাচন অফিসের সামনে জেলা আওয়ামী লীগ ও শরিক দলের নেতারা বক্তব্য রাখেন।

বিডিনিউজ ভোলা প্রতিনিধি জানান, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে আওয়ামী লীগসহ ১৪ দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। বেলা ১১টার দিকে বাংলা স্কুল মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। প্রতিবাদ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কাদের মজনুসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বিক্ষোভে তারা নতুন ভোটার তালিকা বাতিলেরও দাবি জানান।

বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, আওয়ামী লীগসহ ১৪ দলের নির্বাচন অফিস ঘেরাও উপলক্ষে কুড়িগ্রাম ১৪ দল সকাল ১১টায় জঙ্গি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিস ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার কারণে নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়েন এবং সমাবেশ করেন।

শ্রীমঙ্গল প্রতিনিধি জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা দুপুর ১২ টার দিকে মিছিল সহকারে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হন। তারা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় ১৪ দলের শরিক দলগুলোর নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি। স্মারকলিপি প্রদান শেষে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।