২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর প্রস্তাবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউ’র প্রশংসা, আনোয়ার চৌধুরী বললেন, অগ্রগতিতে তিনি আশাবাদী

বিরোধী জোটের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করতে কমিটি গঠন সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবকে ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা বুধবার স্বাগত জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফরিদ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2006, 08:29 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

জাতীয় সংসদের ২০তম অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর দেয়া প্রস্তাবের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বিডিনিউজকে বলেন, মঙ্গলবার সংসদ অধিবেশনের সমগ্র আলোচনায় তিনি উপস্থিত ছিলেন এবং সর্বশেষ অগ্রগতির ব্যাপারে তিনি যথেষ্ট আশাবাদী।

প্রধানমন্ত্রীর প্রস্তাব সম্পর্কে জানতে চাওয়া হলে আনোয়ার চৌধুরী বলেন, দু’টি বৃহৎ রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য ও চুক্তিতে পৌঁছানোর উপায় খুঁজে বের করতে নির্বাচনী সংস্কার বিষয়ে কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সময় মত পদক্ষেপ নেয়া হয় কিনা এবং কালক্ষেপণের আশংকা যারা করছেন তাদের সে আশঙ্কা কত দ্রুত দুর করা যায় সেটিও এখন দেখার বিষয়।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন প্রক্রিয়ার সংস্কার সংক্রান্ত বিরোধী জোটের প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। অপরদিকে বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রস্তাবকে অস্পষ্ট ও চমক বলে আখ্যায়িত করেন। কালক্ষেপণের জন্য এটি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

হাসিনার প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্য চাওয়া হলে ব্রিটিশ হাই কমিশনার বলেন, কোনও প্রস্তাব ও উদ্যোগ গ্রহণ করা হলে তা বাতিল করে দেয়া ঠিক নয়, বরং দ্রুততার সাথে তার সম্ভাব্যতা যাচাই করা উচিত যাতে করে আলোচনা ও সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়া যায়। তবে এ জন্য উভয় পক্ষ থেকেই সদিচ্ছা থাকা প্রয়োজন।

কমিটিতে বিরোধী দলের যোগদান সম্পর্কে আনোয়ার চৌধুরী বলেন, তাদের যোগদান করা উচিত। তবে আগেই বলেছি, দ্রুততার সাথে সম্ভাব্য অগ্রগতির মূল্যায়ন করা যেতে পারে। এর মাধ্যমেই সিদ্ধান্ত ও আলোচনা এগিয়ে যাবে।

চৌধুরী বলেন, বাংলাদেশের জনগণ এই কঠিন সময়ে সকল রাজনৈতিক দল, বিরোধীদলীয় নেতা ও প্রধানমন্ত্রীকে সংসদে দেখতে চায়। তাদের জন্য এটি হবে বিশেষভাবে সন্তুষ্টির বিষয়।

তিনি বলেন, সংসদের পরিবেশ চমৎকার ছিল। নবউদ্যোমে বিতর্ক চলছিল। স্পিকার নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণভাবে কার্যক্রম পরিচালনা করছিলেন। আর এটিই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের মূলকথা।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, রাজনৈতিক সংলাপ সূত্রপাত ও বৃহৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপোড়া বৃদ্ধি করতে গৃহীত যেকোন উদ্যোগকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাগত জানায়। বিশেষ করে তা যখন হয় জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। অবাধ, নিরপেক্ষ ও সফল নির্বাচন সকলের জন্যই গুরুত্বপূর্ণ।

ইইউ’র একজন মুখপাত্র বিডিনিউজকে বলেন, নির্বাচন ব্যবস্থায় সংস্কার নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সক্রিয় সংলাপের অগ্রগতির সম্ভাবনা দেখে তারা সন্তুষ্ট।

তিনি বলেন, আলোচনার সংক্ষিপ্ত কৌশল চূড়ান্ত করার দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর ব্যাপার। তবে পরবর্তী আলোচনার জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ।