২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে ১৪ দলের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত

বিদ্যুৎ, সার, জ্বালানি সংকট ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার সারাদেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবস্থান কর্মসূচি কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৪ দল নেতাকর্মীরা বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজপথে অবস্থান নেয়। রাজধানীতে অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়। তবে যশোরে ক্ষমতাসীন দলের ক্যাডার ও নারায়ণগঞ্জে পুলিশের হামলায় বেশ কয়েকজন আহত হয়।

বিডিনিউজ যশোর প্রতিনিধি জানান, যশোর শহরের পাঁচটি প্রবেশমুখে মঙ্গলবার ১৪ দলের নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি পালনকালে সরকার সমর্থকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের প্রবেশমুখে খাজুরা-লেবুতলা, চাঁচড়া মোড়, ঝুমঝুমপুর, রাজারহাট ও চুড়ামনকাঠি এই পাঁচ পয়েন্টে ১৪ দলের নেতা-কর্মীরা কর্মসূচি পালনের জন্যে অবস্থান নেয়। কর্মসূচির আওতাধীন চারটি পয়েন্টে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হয়। তবে যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাঠিতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার জানান, ১৪ দলের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করতে বিএনপি’র ক্যাডাররা পুলিশের সহায়তায় হামলা চালালে দু’পক্ষের মধ্যে এ ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়।

এই ঘটনায় একজন আহত হয়।

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, সোনারগাঁ আওয়ামী লীগের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ১৫ জন আহত হয়।

সার, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রতিবাদে অবস্থান কর্মসূচির প্রাক্কালে আওয়ামী লীগের মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালায়। এতে যুবলীগ নেতা মাসুদুর রহমান, মাসুম, জসীম ও শিমুলসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, ১৪ দল কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শহরে টেম্পল রোডে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

রাজপথে অবস্থানকালে ১৪ দলের পক্ষে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা সমন্বয়ক আলহাজ মমতাজ উদ্দিন। কর্মসূচীতে জেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, জাসদ সভাপতি রেজাউল করিম তানসেন, ওয়ার্কার্স পার্টির সালেহা সুলতানাসহ ১৪ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, ডিজেল, সার, বিদ্যুৎ ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে ১৪ দলের অবস্থান কর্মসূচি সোমবার শান্তিপূর্ণভাবে পালিত হয়। অবস্থান কর্মসূচি চলাকালে জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান ফিজার এমপি, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় সদস্য মোসাদ্দেক হোসেন লাবু, জেলা জাসদের সভাপতি ইমামুল ইসলাম প্রমুখ।