২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ক্ষমতায়ন নীতিমালা পরিবর্তনে সরকারি উদ্যোগ প্রতিহত করতে শেখ হাসিনার আহ্বান

নারীর ক্ষমতায়ন বিষয়ক নীতিমালা পরিবর্তনে জোট সরকারের উদ্যোগকে প্রতিহত করতে আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা সোমবার দেশের নারী সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

তিনি বলেন, সত্যিকার অর্থে নারীর ক্ষমতায়নের জন্যে তার সরকার এ নীতিমালা প্রণয়ন করেছিল।

তিনি আরও বলেন, আমাদের সময়ে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু বিএনপি-জামাত জোট সরকার নারীর অধিকারকে পুরোপুরি অবমাননা করছে।

মহিলা আওয়ামী লীগের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতৃবৃন্দ সোমবার শেখ হাসিনার সাথে তার বাসভবন সুধাসদনে দেখা করতে এল তিনি একথা বলেন।

শেখ হাসিনা নারীর অধিকার খর্ব করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন নীতিমালা পরিবর্তনে জোট সরকারের উদ্যোগের ব্যাপারে দলের নারী নেত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ এবং সাধারণ সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধু জাদুঘর থেকে তারা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি সুধাসদনে গিয়ে শেষ হয়।