২ মার্চ আধাবেলা হরতাল ও গার্মেন্টস শ্রমিক ধর্মঘট
গার্মেন্টস শ্রমিকদের ১৬ টি সংগঠন আগামী ২ মার্চ সারাদেশের গার্মেন্টস কারখানায় আধাবেলা ধর্মঘটের ডাক দিয়েছে।
চট্টগ্রামে কেটিসি গার্মেন্টসে অগ্নিকাণ্ডসহ একের পর এক দুর্ঘটনার ক্ষেত্রে গার্মেন্টস মালিক ও সরকারের দায়িত্বহীনতার প্রতিবাদে সোমবার এ ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।
এদিকে একই ইস্যুতে ২ মার্চ সারাদেশে আধাবেলার হরতাল আহ্বান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি।
নগরীর পুরানা পল্টন এলাকায় মুক্তি ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে ১৬ টি সংগঠনের নেতৃবৃন্দ গার্মেন্টস শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, ঝুঁকিপূর্ণ গার্মেন্টস স্থানান্তর, নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান।
শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আমিরুল হক আমিন, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সালাউদ্দিন স্বপন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারি লীগের সিরাজুল ইসলাম রনি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সোমবার সিপিবিও একই স্থানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে ২ মার্চ সকাল ৬টা-বেলা ২টা হরতালের কর্মসূচি সফল করার আহ্বান জানায়।
এর আগে রোববার সিপিবি অর্ধদিবস হরতালের ডাক দেয় এবং সোমবার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত কর্মসূচি তুলে ধরে। লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান, মোর্শেদ আলী, রুহিন হোসেন প্রিন্স প্রমুখ নেতা।
