২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা: প্রধান দু’ দলের পরস্পরকে আক্রমণ করে বক্তব্য

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা করতে গিয়ে প্রধান দু’ দলের সদস্যরা রোববারও পরস্পরকে আক্রমণ করে বক্তব্য অব্যাহত রাখেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বলেন, দলীয় লোকদের নিয়ে সরকার আগামী নির্বাচন করতে চায়। তাই তারা বিরোধী দলের সাথে আলোচনা না করেই নির্বাচন কমিশনে দলীয় লোকদের নিয়োগ করেছে। সরকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দলীয় লোককে নিয়োগ করতে চায়।

তিনি বলেন, আওয়ামী লীগ সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই নির্বাচন চায়। কিন্তু দলীয় লোক দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্যে বিরোধী দলের সংস্কার প্রস্তাব সরকারকে মানতে হবে। দাবি না মেনে দলীয় লোক দিয়ে কোনো নির্বাচন দেশের মানুষ হতে দেবে না। এতে সৃষ্ট যে কোনো অবস্থার জন্যে সরকারই দায়ী থাকবে।

আব্দুর রাজ্জাক রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতির ভাষণে সরকারের নির্দেশিত কথা ছাড়া জাতির জন্যে কোনো দিক নির্দেশনা নেই। তিনি শুধু দলীয় সরকারের প্রতিনিধি হিসেবে তার বক্তব্য রেখেছেন।

তিনি বলেন, এ সরকারের আমলে দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর এ দুর্নীতির উৎস হচ্ছে হাওয়া ভবন। সেখানে ৭০ ভাগ কমিশন না দিলে কোনো কাজ হয় না। তারা ক্ষমতার স্থায়ীকরণ, পারিবারকরণ ও দেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে পরিনত করার চেষ্টা করছে।

স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়ে কেউ কেউ দেশকে সন্ত্রাসী ও সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায়। কিন্তু বাংলাদেশ অকার্যকর বা ব্যর্থ রাষ্ট্র নয়, দেশ এখন এগিয়ে চলেছে।

তিনি বলেন, দেশ ও মূল্যবোধের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিরোধী দল সময়ে সময়ে সদস্যপদ রক্ষা করতে সংসদে এসেছে। সংসদে আসার জন্যে রোড মার্চ করে ম্যান্ডেট নিতে হয়না। জনগণ ভোট দিয়েই সে ম্যান্ডেট দিয়েছে।

তিনি বলেন,আওয়ামী লীগের সময়ও দলীয়ভাবে প্রধান নির্বাচন কমিশনার এবং জনতার মঞ্চের কর্মকর্তাকে নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছিলো। যে সরকার ক্ষমতায় থাকে তারাই এ নিয়োগ করে থাকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোন একক ব্যক্তি সকলের কাছে গ্রহণযোগ্য হতে পারেনা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে বিজয়ের পরই আমরা এটা বুঝতে পেরেছি। তাই আমাদের প্রধান বিচারপতিকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে মেনে নিতে হয়েছে।

তিনি সংস্কার প্রস্তাব প্রসঙ্গে বলেন, যারা এ প্রস্তাব করেছে তারাও এটা জানে সকলের কাছে গ্রহণযোগ্য কাউকে পাওয়া যাবেনা। এতে রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে। এতে অন্য কারো ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ আসতে পারে। আমরাও সুষ্ঠু নির্বাচন চাই। কারণ এতে জোট সরকারই লাভবান হবে। তিনি বলেন, বিরোধী দলের দাবির মধ্যে কোনো যৌক্তিকতা নেই। তারপরও জনগণকে বিভ্রান্ত করতে এ প্রস্তাব করেছে।

আওয়ামী লীগের কর্ণেল (অব:) শওকত আলী বলেন, জিয়াউর রহমান যদি গণতন্ত্রের প্রবক্তা হন, তবে জিয়া বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ও সুবিধাভোগী, এটাই প্রমাণ হয়।

তিনি বলেন, মানুষ যেনো তাদের প্রতিনিধিদের ভোট দিয়ে সংসদে পাঠাতে পারে। তারা যেনো বলতে না পারে সংসদে ১১২ জন কালোবাজারী রয়েছে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান অভিযোগ করে বলেন, বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা না করে রাজপথে আন্দোলনের নামে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রধান বিরোধী দলের সাথে গণভিত্তিহীন কিছু দল জোট করেছে। যাদের সংসদে কোন প্রতিনিধিত্ব নেই।

সকালের অধিবেশনে সভাপতিত্ব করে ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করে স্পিকার জমিরউদ্দিন সরকার।

রাষ্ট্রপতির ভাষণের উপর আরও আলোচনা করেন বিএনপি’র মেজর (অবঃ) সাঈদ ইস্কান্দার, হেলালুজ্জামান তালুকদার লালু, বিলকিস ইসলাম, আওয়ামী লীগের দেওয়ান ফরিদ গাজী, রেজাউল করিম হীরা, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন এবং জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন সাঈদী।