বিল্ডিং কনস্ট্রাকশন বিল সংসদে পাস, লঙ্ঘনের শাস্তি ৭ বছরের কারাদণ্ড
বিরোধী দলের আপত্তির মুখে রোববার সংসদের বৈঠকে ‘দি বিল্ডিং কনস্ট্রাকশন (সংশোধন) বিল, ২০০৬’ পাস হয়েছে। এই আইনে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস বিলটি সংসদে উত্থাপন করেন।
বিরোধী দল আওয়ামী লীগের সাংসদরা বিলটি জনমত যাচাইয়ের জন্য পাঠানোর প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলের ওপর সংশোধনী এনে কয়েকজন সাংসদ বক্তব্য রাখলেও একই সঙ্গে সংশোধনীগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
বিরোধী দলের সাংসদরা বিলটিতে কঠোর শাস্তির বিধান রাখার আহ্বান জানান।
এ আইনের আওতায় ভবন নির্মাণের ক্ষেত্রে সরকার প্রণীত বিল্ডিং কোড অনুসরণের বাধ্যবাধকতা রাখা হয়। কোড লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
এছাড়া এ আইনের আওতায় শিগগিরই একটি সময়োপযোগি বিল্ডিং কোড প্রণীত হবে বলে সংসদে জানানো হয়।
