২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘোড়াশালে আ.লীগ কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ১০জন আহত, ২৭ ফেব্রুয়ারি হরতাল

নরসিংদীর ঘোড়াশালে আওয়ামী লীগ কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে ১০ নেতাকর্মী আহত হওয়ায় ২৭ ফেব্রুয়ারি সেখানে হরতাল ডাকা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

আওয়ামী লীগ ও বিএনপি শনিবার একই স্থানে সভা আহবান করায় পুলিশ ১৪৪ ধারা জারি করে। আওয়ামী লীগ কর্মীরা পূর্ব নির্ধারিত মঞ্চে অবস্থান করায় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজ উদ্দিন সেতুর নাম পরিবর্তনের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ শনিবার বিকেলে সোহাগ সিনেমা হলের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করে। বিএনপিও একই স্থানে একই সময়ে সভা আহবান করে।

পুলিশ প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করে।

লাঠিচার্জের ঘটনার পরে ঘটনাস্থলের ৩০০ গজ দূরে ডা. আনোয়ার আশরাফ খান দীলিপের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুলতান মো. মনসুর আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক এমপি মেহের আফরোজ চুমকি, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল অব. নুরুল ইসলাম, শেখ মো. ইলিয়াছ প্রমুখ।