শনিবার ঢাকা-কুড়িগ্রাম রুটে বাসদের লং মার্চ
ব্রহ্মপুত্র ও তিস্তার পানি প্রত্যাহারের চক্রান্তের প্রতিবাদে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-জামান) শনিবার ঢাকা-কুড়িগ্রাম রুটে লং মার্চ করবে।
নগরীর তোপখানা রোডের দলীয় কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন মবিনুল হায়দার চৌধুরী, আব্দুল্লাহ সরকার, শুভ্রাংশ চক্রবর্তী, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন প্রমুখ নেতা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ১০ টায় ঢাকার মুক্তাঙ্গন থেকে লং মার্চ যাত্রা শুরু করবে। ১ মার্চ রংপুর হয়ে কুড়িগ্রাম স্টেডিয়াম গেটে জনসভার মাধ্যমে শেষ হবে এই যাত্রা।
খালেকুজ্জামান বলেন, ভারত সরকার আন্ত:নদী সংযোগ প্রকল্পের মাধ্যমে ব্রহ্মপুত্র নদ থেকে বছরে এক লাখ ৭৩ হাজার ঘনমিটার পানি সরিয়ে নেবে। ফলে শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্রের প্রবাহ কমে যাবে মারত্মকভাবে।
তিনি বলেন, ভারতের ওই আগ্রাসী উদ্যোগ আন্তর্জাতিক নদী আইন অনুসারে সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনী। কিন্তু বাংলাদেশ সরকার এ ব্যাপারে আশ্চর্যজনকভাবে নিরবতা পালন করছে।
রাজেকুজ্জামান রতন জানান, পূর্ব পরিকল্পনা অনুসারে ভারত সরকার এ বছরই আন্ত:নদীসংযোগ প্রকল্প বাস্তবায়ন শুরু করবে। এরই প্রতিবাদ হিসেবে নেওয়া হয়েছে ওই লং মার্চের কর্মসূচি।
খালেকুজ্জামান জানান, এছাড়া চলমান বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ২ মার্চ সকাল ১১টায় ঢাকায় বিদ্যুৎ মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি চলতি গ্রীষ্মে আঠারশ’ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতির আশংকা উল্লেখ করেন।
খালেকুজ্জামান বলেন, গত সাড়ে চার বছরে জোট সরকার মাত্র ৮০ মেগাওয়াট নতুন বিদুৎ উৎপাদন করতে পেরেছে।
