সংসদে রাষ্ট্রপতির ভাষণের সমালোচনায় মুখর বিরোধী দল, সরকারি দলের উচ্ছসিত প্রশংসা
দীর্ঘ পাঁচ দিন বিরতির পর বুধবার থেকে সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের জন্য আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আবারো আলোচনা শুরু হয়েছে।
বুধবার থেকে সংসদের বৈঠক দুবেলা চলবে। সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রথম পর্বের পর দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে চারটায়।
বুধবার প্রথম পর্বে প্রশ্নোত্তর, পয়েন্ট অর্ডার, একটি বিল পাসসহ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হয়। দ্বিতীয় পর্বেও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা অব্যাহত থাকে।
বুধবার সকালে বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস ও শামসুর রহমান শরীফ এবং বিএনপির ডা. রুস্তম আলী ফরাজী।
আওয়ামী লীগের সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের তীব্র সমালোচনা করে বলেন, দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সন্ত্রাস, দূর্নীতির কারণে সাধারণ মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। বিদ্যুত, সার সংকট, ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে কৃষকদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এসব বিষয়ে রাষ্ট্রপতি কোনো কথা না বলে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন।
শাজাহান খান বলেন, রাষ্ট্রপতির ভাষণ কোন ভাষণ নয়, এটি একটি বুকলেট। রাষ্ট্রপতি তার ভাষণে জঙ্গিবাদও বোমা-গ্রেনেড হামলা সম্পর্কে কিছু বলেননি। সংস্কার প্রস্তাবকে পথ কাটানোর জন্য সরকার ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার নাটক করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়ার পরও তার পালন হয়নি। যে প্রধানমন্ত্রীর দেওয়ার নির্দেশ পালন হয়না তার ওই পদে থাকার কোন অধিকার নেই। তার পদত্যাগ করা উচিৎ। তিনি বাংলাদেশ ইতিহাস বিকৃতির সমালোচনা করে বলেন, পাঠ্যসূচিতে বিকৃত ইতিহাস তুলে ধরা হয়েছে। এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
তারা রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানাতে অস্বীকার করেন।
অপরদিকে সরকার দলীয় সাংসদ রুস্তম আলী ফরাজী ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, রাষ্ট্রপতি সরকারের উন্নয়ন কাজের একটি খতিয়ান সংসদে তুলে ধরেছেন।
তিনি রাষ্ট্রপতির আহ্বানের সাথে একমত পোষণ করে বলেন, জাতীয় সমস্যাগুলোকে চিহ্নিত করে সরকার ও বিরোধী দলের এক টেবিলে বসা উচিত।
তিনি বলেন, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় সরকারি দলের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি বিরোধী দলেরও রয়েছে দায়িত্ব। কিন্তু আমরা কেউই এই দায়িত্ব যথাযথভাবে পালন করছি না। ফলে দেশ পিছিয়ে পড়ছে।
জাতীয় পার্টির নূর এ হাসনা চৌধুরী লিলি সংসদে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান।
