২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত মওদুদি ইসলামের অনুসারী: অধ্যাপক সাইয়িদ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ বলেছেন, জামায়াত ইসলাম প্রকৃত ইসলাম নয়, তারা মওদুদিবাদী ইসলামের প্রবক্তা। যারা প্রকারান্তরে ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে ইবলিশের অনুসারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 06:08 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

‘যারা জামায়াত ও তাদের বিরুদ্ধে কথা বলে তারা ইসলামের শত্রু’- জামায়াতের আমির ও ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামীর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাইয়িদ শনিবার এ মন্তব্য করেন।

এক বিবৃতিতে অধ্যাপক সাইয়িদ বলেন, সম্প্রতি নিজামী তার ‘জঙ্গিবাদ, বোমা হামলা ও ইসলাম প্রসঙ্গে’ নামক বইয়ের ভূমিকায় বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ তালা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো... সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। আল বদর বাহিনীর প্রধান হিসেবে নিজামী মুক্তিযুদ্ধের সময় এবং বর্তমানেও হাজারো মানুষ হত্যার সঙ্গে সম্পৃক্ত। পবিত্র কোরআনের আয়াত অনুযায়ী এর কি জবাব দেবেন তিনি?

তিনি বলেন, নিজামী যুদ্ধাপরাধী ও নরঘাতক। তার মুখে পবিত্র ইসলামের কথা যেমন বেমানান, তেমনি তার দলও ইসলামী নয়। তিনি (নিজামী) নিজেই বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, তিনি জোটে গেছেন আওয়ামী লীগ ঠেকাতে। অর্থ্যাৎ পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে তিনি ঘৃণ্য রাজনীতিতে লিপ্ত।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি জামায়াত-শিবির চক্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু তাহের হত্যার সঙ্গে জড়িত শিবির নেতা খুনী সালেহীকে আশ্রয় দিয়েছে। এমনকি ওই খুনীকে গ্রেপ্তার করা হলে দেশে আগুন জ্বলবে বলেও হুমকি দিয়েছে।