২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রমানিত হলে তাকে অবশ্যই সরিয়ে নিতে হবে: বিচারপতি নাঈমুদ্দিন

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি নাইমুদ্দিন আহমেদ বুধবার বলেছেন, সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে জড়িযে পড়া বড় ধরনের অসাদাচরণ এবং যদি কোন কর্মকর্তা রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হন তবে অবশ্যই তাকে চাকরি থেকে সরিয়ে নিতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:39 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সরকারি কর্মচারী আইন ১৯৭৯ অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের রাজনীতিতে জড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোন সরকারি কর্মকর্তা রাজনীতিতে জড়িত হন তবে অবশ্যই তা হবে সরকারি কর্মচারী নীতিমালার লংঘন এবং এটা বড় ধরনের অসাদাচরন হিসেবে বিবেচিত হবে।

বিডিনিউজের সাথে এক বিশেষ সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

অবশ্য তিনি ঢাকা বিভাগীয় বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বিচারপতি নাঈমুদ্দিন বলেন, নীতিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী সহকারী জজ থেকে জেলা জজ পর্যায়ের সকল বিচারক সরকারের জুডিশিয়াল সার্ভিসের আর্ন্তগত একজন কর্মচারী। কোনভাবেই তাদের কোন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকা উচিত নয়, যদি তারা তা করে তবে তা বড় ধরনের অসাদাচরণ বলে বিবেচিত হবে।

তিনি আরো বলেন, সরকারী কর্মচারীদের অসাদাচরণের বিষয়ে সরকারের তদন্ত করে দেখা উচিত।

হাইকোর্টে জনস্বার্থে দায়েরকৃত রিট পিটিশনে, ক্ষমতাসীন দল বিএনপির সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় বিশেষ জজ রেজাউল করিম খান চুন্নুর বিচারিক কাজের উপর আদালত দুই সপ্তাহের স্থগিতাদেশ দেন।

একইসাথে সরকারি কর্মচারী নীতিমালা লংঘন এবং অসাদাচরণের দায়ে বিচারক চুন্নুর বিরুদ্ধে সরকার কেন ব্যাবস্থা গ্রহণ করবে না তা দুই সপ্তাহের মধ্যে জানানোর জন্য সরকারের প্রতি রুল জারী করেন আদালত।

পিটিশনে বলা হয়, তিনি কিশোরগঞ্জে স্থানীয় বিএনপি আয়োজিত সমাবেশে অংশ নিয়েছেন, যা ১৯৭৯ সালের সরকারি কর্মচারী নীতিমালার সম্পূর্ণ লংঘন।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) ৩ আগস্ট বিচারক চুন্নর বিরুদ্ধে বিএনপির সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে তাকে অপসারণের জন্য প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর নিকট দাবি জানায়।

সম্প্রতি এসসিবিএ তথ্য প্রমাণসহ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নিকট চুন্নুর অপসারণ দাবি করে একটি প্রত্র পাঠায়।

হাইকোর্টের নিষেধাজ্ঞার উপর স্থগিতাদেশ চেয়ে চুন্নু সুপ্রিম কোর্টে একটি আপিল আবেদন করেন। সুপ্রিম কোর্টের পূর্ণ ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে।