রাজশাহীতে বিএনপি-আ. লীগ সংঘর্ষ: বিএনপির সংবাদ সম্মেলন, মামলা নেয়া হয়নি বলে আ. লীগের অভিযোগ
রাজশাহীতে মঙ্গলবার বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষের ঘটনায় বিএনপি-যুবদল ১৮ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ করবে। বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এদিকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিটন অভিযোগ করেন, মঙ্গলবার আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা দায়ের করতে গেলে মামলা গ্রহণ করা হয়নি।
মহানগর বিএনপি কার্যালয়ে বুধবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার আওয়ামী লীগের মিছিল থেকে পরিকল্পিতভাবে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা চালানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. কামরুল মনির, জেলা যুবদল সভাপতি তোফাজ্জেল হোসেন তপু, মহানগর যুবদল সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল প্রমুখ।
