২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইসি নিয়োগের আগে বিচারপতি আজিজকে স্থানীয় সরকার মন্ত্রীর প্লট উপহার দেওয়ার অভিযোগ করলো বিরোধী দল

আগামী নির্বাচনকে প্রভাবিত করতে ও ভোট কারচুপি করার জন্যে সরকার দলীয় লোককে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে। সিইসি হিসেবে বিচারপতি এমএ আজিজকে নিয়োগের আগে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রীর নামে বরাদ্দ দেওয়া প্লট তাকে উপহার দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগ দলীয় সাংসদ নূর এ আলম চৌধুরী লিটন এ অভিযোগ উত্থাপণ করেন।

তিনি তার অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথিপত্রও বৈঠকের সভাপতি ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর কাছে হস্তান্তর করেন।

এছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বিএনপি দলীয় সাংসদ ফাহিমা হোসেন জুবিলি, আব্দুল ওদুদ ভুঁইয়া ও জামায়াতে ইসলামীর রিয়াছাত আলী বিশ্বাস।

আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ রাষ্ট্রপতির ভাষণের সমালোচনা করে বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে ছোট করে দেখেছেন। একই সাথে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠক মেজর জিয়াউর রহমানের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। এর মাধ্যমে রাষ্ট্রপতি নিজেকে দলীয় সংকীর্ণতায় আবদ্ধ করেছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠণ করেছিলেন সংসদে ভোটাভুটির মাধ্যমে। অপরদিকে জিয়াউর রহমান উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে বঙ্গভবনে গিয়ে ক্ষমতা দখল করেছিলেন। সেই জিয়াউর রহমানকে রাষ্ট্রপতি দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে জাতির জন্য কোনো দিক নির্দেশনা ছিল না। একইভাবে তার ভাষণে দেশের বিরাজমান কোনো সমস্যা সম্পর্কেও কোনও আলোচনা ছিল না, ছিল শুধু বর্তমান সরকারের গুণকীর্তন। তাই তাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।

অপরদিকে, সরকার দলীয় সাংসদরা রাষ্ট্রপতির ভাষণের ভূয়সী প্রশংসা করে বলেন, রাষ্ট্রপতির ভাষণ জাতির জন্য একটি দিক নির্দেশনামূলক দলিল। যা আগামী দিনে দেশের উন্নয়নে পথ নির্দেশ করবে।