সম্মিলিত ইসলামী দলের জাতীয় সংসদ অভিমুখী মিছিলে পুলিশের বাধা
হযরত মুহাম্মদ (সা.) এর অসম্মানকারীদের শাস্তি প্রদান সংক্রান্ত জাতীয় সংসদে একটি বিল পাসের দাবিতে সম্মিলিত ইসলামী দলের ব্যানারে বিভিন্ন ইসলামী দলের সোমবারের জাতীয় সংসদ অভিমুখী মিছিলে পুলিশের বাধায় বাধাগ্রস্ত হয়েছে।
সম্মিলিত ইসলামী দলের ব্যানারে সোমবার শত শত লোক বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদের দিকে যেতে শুরু করলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বিজয়নগরের নাইটিঙ্গেল স্কয়ারের সামনে তাদের বাধা দেয়।
বাধা পেয়ে মিছিলকারীরা সেখানেই বিক্ষোভ প্রদর্শন করে এবং ডেনমার্কের পতাকা ছিঁড়ে ফেলে। পরবর্তীতে সাত সদস্য-বিশিষ্ট প্রতিনিধি দল স্পিকারের কাছে একটি স্মারকলিপি জমা দিতে জাতীয় সংসদে যায়।
তবে সংসদের কর্মকর্তারা প্রতিনিধি দলের সবাইকেই সংসদ ভবনে প্রবেশের অনুমতি না দেয়ায় তারা স্মারকলিপি জমা দেয়নি।
সম্মিলিত ইসলামী দলের ব্যানারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হিজবুত তাহরির বাংলাদেশ, জামায়াতে উলেমা-ই ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জমিয়াতুল মুদারিসিন, ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিন) কয়েক প্লাটুন সদস্যের প্রহরায় বিক্ষোভকারীরা তাদের মিছিল শুরু করে।
মিছিলের আগে বিক্ষোভকারীরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের সামনে সমাবেশ করে। জাতীয় সংসদ রোববার নিন্দা প্রস্তাব পাস করায় সমাবেশে জাতীয় সংসদের প্রশংসা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, যারা মুহাম্মদ (সা.) কে অমর্যাদা করতে চায় তাদেরকে শাস্তি দিতে জাতীয় সংসদ ও সরকার যদি কোন বিল পাস না করে, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশের জনগণ তাদের উচিত শিক্ষা দেবে।
খেলাফত আন্দোলনের আমির আহমাদুল্লাহ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুল হুদা ফয়েজী, হাফিজ হাবিবুর রহমান ও এটিএম হেমায়েত উদ্দিন বক্তব্য রাখেন।
