২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিদের কাছ থেকে মিথ্যে জবানবন্দি আদায়ের খেলা বন্ধ করুন: সরকারকে আ’লীগ

সরকার জেএমবি’র সন্ত্রাসীদের জামাই আদরে রেখে তাদের কাছ থেকে মিথ্যে জবানবন্দি আদায় করে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। তারা এ সব করছে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরানোর জন্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলীয় নেতারা এ কথা বলেন।

তারা অভিযোগ করে বলেন, জেএমবি’র গ্রেফতারকৃত সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সাথে তাল মিলিয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী জবানবন্দি দিচ্ছে। ভবিষ্যতে তাদের মাফ করে দেওয়ার পায়তারা চলছে। এতেই প্রমাণিত হয়, জেএমবি তাদেরই সৃষ্ট ও মদদপুষ্ট।

সংবাদ সম্মেলনে তারা সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আরো বলেন, তথাকথিত মিথ্যে জবানবন্দি আদায় করে শেখ মোহাম্মদ আবদুল্লাহ্সহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের জড়ানোর এই হীন প্রক্রিয়া জোটের জন্য শুভকর হবে না। জেএমবি ও জোট সরকারের সম্পৃক্ততার কথা আজ পুরো জাতির কাছে প্রমাণিত।

তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ সব কারণে আপনারা নিজেদের আড়াল করতে জঙ্গিদের শিখিয়ে দেওয়া মিথ্যে জবানবন্দি আদায়ের এই নোংরা খেলা বন্ধ করুন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ্।

এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, সুরঞ্জিত সেন গুপ্ত এমপি, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম এমপি উপস্থিত ছিলেন।

শেখ আবদুল্লাহ্ বলেন, জোট সরকার জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী আতাউর রহমান সানি ও আউয়ালকে দিয়ে গ্রেফতারের দীর্ঘ দিন পর আমাকে জড়িয়ে যে জবানবন্দি দিয়েছে তা রাজনৈতিক উদ্দেশ প্রণোদিত, প্রতিহিংসামূলক এবং সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

তিনি বলেন, দেশবাসীর স্মরণ রয়েছে, ওই শীর্ষ সন্ত্রাসী সানি গ্রেফতার হওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছিল, পাকিস্তান ও সৌদি আরব থেকে তাদের অর্থের জোগান দেওয়া হয়। তার এই বক্তব্য তখন বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়।

তিনি আরো বলেন, কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখার ঘটনার মূল হোতা ও সাজাপ্রাপ্ত আসামী মুফতি হান্নান গ্রেফতার হওয়ার পর অকপটে স্বীকার করে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশেই সে ওই বোমা পুঁতে রেখেছিল। সুযোগ পেলে সে শেখ হাসিনাকে হত্যা করবে।

শেখ আবদুল্লাহ্ বলেন, গ্রেফতারকৃত জঙ্গি সানি ও আউয়াল গ্রেফতার হওয়ার পর স্বীকার করে সারাদেশে সকল বোমা হামলার সাথে জেএমবি জড়িত। এরপরেও আমাকে হয়রানি এবং আওয়ামী লীগ সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির হীন উদ্দেশে পরিকল্পিতভাবে সরকার তাদের গ্রেফতার করার দীর্ঘদিন পর এ ধরণের মিথ্যা ও বিভ্রান্তিকর জবানবন্দি আদায় করেছে।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারকে এই অপকৌশল থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান।