২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মেয়র হানিফ চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন

ঢাকা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ হানিফকে চিকিৎসার জন্য শুক্রবার বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আওয়ামী লীগ সূত্র জানায়, ব্যাংককের বামরুনগ্রাড হাসপাতালের তিনজন চিকিৎসকসহ এয়ার অ্যাম্বুলেন্সটি বিকাল ৪ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসক দল বারডেমের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের সিসিইউ’র ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তার অবস্থা সম্পর্কে অবহিত হন। সেখানে তারা নিজস্ব কায়দায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।

বিকাল ৫ টায় একটি অ্যাম্বুলেন্সে করে সাবেক মেয়রকে হাসপাতাল থেকে জিয়া বিমানবন্দরে নেওয়া হয়। বামরুনগ্রাড হাসপাতালের এয়ার অ্যাম্বুলেন্সটি হানিফকে নিয়ে সাড়ে ৫ টায় ব্যাংককের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করে।

হানিফের সঙ্গে তার পুত্র সাঈদ খোকন এবং একজন নিকটাতœীয় রয়েছেন।

এর আগে সাবেক মেয়রের সর্বশেষ অবস্থা জানতে শুক্রবারও সকাল থেকে শত শত জনতা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভীড় জমায়।

দলীয় সূত্র জানায়, মোহাম্মদ হানিফের স্ত্রী, কন্যা এবং কয়েকজন পরিবার সদস্য রোববার ব্যাংকক যেতে পরেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিম শুক্রবার দুপুরেই ব্যাংককের উদ্দেশে রওয়ানা হন। মহানগরের অপর নেতা আলহাজ্ব মকবুল হোসেন শনিবার ব্যাংকক যাবেন।

রাজধানীতে বুধবার ১৪ দলের বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মোহাম্মদ হানিফ আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে গত দুদিন লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়।