২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী দেশবাসীর সাথে ‘জুয়া খেলছেন’: বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের জনগণের সাথে ‘জুয়া খেলছেন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2006, 07:58 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

তিনি বলেন, প্রধানমন্ত্রী জনগণকে ট্রাম্পকার্ড দেখাতে চান। আর ট্রাম্পকার্ড ব্যবহার করা হয় জুয়া খেলায় যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, এখন জামায়ত কোথায়? জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেনি। কেননা তারা প্রকৃত ইসলামী আদর্শে বিশ্বাসী নয়।

জাতীয় প্রেসক্লাবে সোমবার বিকল্প ধারা বাংলাদেশ’র সহযোগী সংগঠন বিকল্প ধারা উন্নয়ন কর্মী ধারা’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানের সভাতিত্ব করেন বিকল্প ধারা উন্নয়ন কর্মী ধারা’র সভাপতি মাহী বি চৌধুরী এমপি।

অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিকল্প ধারা বাংলাদেশ মেধা, নৈতিকতা, সততা, দেশপ্রেম, প্রজ্ঞা, গণতান্ত্রিক ধারা, শৃক্সখলা এবং দেশ ও জাতির উন্নয়নের রাজনীতি করে।

তিনি বলেন, তার দল দুর্নীতি, স্বজনপ্রীতি, সন্ত্রাসবাদ, পেশী শক্তি ও কালো টাকাকে ঘৃণা করে। অপরদিকে বর্তমান সরকার এগুলোকেই প্রশ্রয় দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জনগণের মধ্যে বিকল্প ধারার জনপ্রিয়তা দিনদিন বাড়ছে এবং আগামী সাধারণ নির্বাচনে বিকল্প ধারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, আবার ক্ষমতায় যাওয়ার জন্যে সরকার ভোটার তালিকা চুরির ষড়যন্ত্র করছে। কিন্তু জনগণ বিএনপি-জামায়াত জোট সরকারকে ভোট দেবে না। তারা বিকল্প ধারাকেই ভোট দেবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিকল্প ধারা বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মেজর (অব.) মান্নান, যুগ্ম মহাসচিব ফিরোজ এম হাসান ও ড. নুরুল আমিন বেপারী, ওয়াশিমুল ইসলাম, মেজর জেনারেল (অব.) আবদুল হালিম প্রমুখ।