২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শ্লোগান, পাল্টা শ্লোগানের কারণে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শেষ করলেন মেয়র মহিউদ্দিন

১৪ দলের রাজধানী ঢাকামুখী লংমার্চে অংশগ্রহণকারীদের অংশগ্রহণে শনিবারের ফেনী জেলার মহিপালের নির্ধারিত সংক্ষিপ্ত সমাবেশ জয়নাল হাজারী ও দলের অন্যান্য নেতার সমর্থকদের পক্ষে-বিপক্ষে শ্লোগান ও পাল্টা শ্লোগানের কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 09:56 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জয়নাল হাজারী ও দলের নতুন নেতৃত্বের পক্ষে-বিপক্ষে সমর্থকরা শ্লোগান দিতে থাকলে সমাবেশে উপস্থিত আওয়ামী লীগ নেতা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী দ্রুত সমাবেশ শেষ করতে বাধ্য হন।

সমাবেশ চলাকালে আওয়ামী লীগের সাবেক সাংসদ জয়নাল হাজারীর সমর্থকরা শ্লোগান দিতে থাকলে আওয়ামী লীগ নেতারা তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু একই সময়ে স্থানীয় আওয়ামী লীগের নতুন নেতা ও ব্যবসায়ী আকরাম হোসেন হুমায়ুনের পক্ষে শ্লোগান দেওয়া হলে মহিপালের সমাবেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাইক্রোফোন হাতে নিয়ে মিনিট দু’য়েক বক্তব্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।

মেয়র বলেন, জয়নাল হাজারী আমার বন্ধু ও আপনাদের ভাই। সরকার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার আগে মেয়র প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নতুন নিয়োগপ্রাপ্ত দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।