যুবলীগ নেতার হত্যাকান্ডে শেখ হাসিনার তীব্র নিন্দা
কেরানীগঞ্জের রুহিতপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আনোয়ার হোসেনের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলের নেতা শেখ হাসিনা।
শেখ হাসিনার বিবৃতি সম্বলিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যা ও সন্ত্রাসের মাধ্যমে গণধিকৃত সরকার ক্ষমতায় থাকতে চায়। বিএনপি-জামাত জোট সরকার সর্বোচ্চ মহলের নির্দেশে সারাদেশে মাঠ পর্যায়ে নেতাকর্মী ও সংগঠকদের হত্যার ধারাবাহিকতায় আনোয়ারকে হত্যা করা হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে আনোয়ার হত্যার মূল নির্দেশদাতাসহ সকল হত্যাকারীদের বিচার করা হবে।
বিরোধী দলের নেতা এই বিবৃতিতে আনোয়ারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
