সংসদে কোরাম সংকট নিয়মিত, প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে ব্যতিক্রম
জাতীয় সংসদের চলতি অধিবেশনে কোরাম সংকট এখনও নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
প্রায় প্রতিদিনই কোরাম সংকটের কারণে সংসদের বৈঠক নির্ধারিত সময়ের ১৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত বিলম্বে শুরু হচ্ছে। তবে ব্যতিক্রম হয় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে।
চলতি অধিবেশনের প্রথম বেসরকারি সদস্য দিবস বৃহস্পতিবারও কোরাম না থাকায় নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হয়। এ সময় সংসদ কক্ষে মাত্র ৬২ জন সদস্য উপস্থিত ছিলেন। ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এতে সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতেই প্রশ্নোত্তর শুরু হয়। এর মাঝে মাগরিবের নামাজের বিরতি হয় ২০ মিনিটের। ২০ মিনিটের বিরতি শেষ হয় ৪৫ মিনিটে।
প্রশ্নোত্তর পর্ব শেষে বাতিল নোটিশের ওপর আলোচনা, বেসরকারি সদস্যদের তিনটি সিদ্ধান্ত প্রস্তাবের নিষ্পত্তি হয়।
এ সময় স্বতন্ত্র সাংসদ এমএম শাহীন প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ও সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাব আনার আহ্বান জানান।
ডেপুটি স্পিকার ওই নেতার মৃত্যুতে সংসদের পক্ষ থেকে শোক প্রকাশ করেন এবং আগামী অধিবেশনে বিধি মোতাবেক শোক প্রস্তাব গ্রহণ করা হবে বলে জানান।
পরে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট হারুন আল রশিদ কমিটির প্রথম রিপোর্ট এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মান্নান ‘সার (ব্যবস্থাপনা) বিল, ২০০৬’ সুপারিশকৃত আকারে সংসদে উপস্থাপন করেন।
এরপর রাষ্ট্রপতির ভাষণের জন্যে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিএনপির রওশন আরা ফরিদ, খালেদা পান্না ও জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার।
