২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের আবেদন খারিজ, আত্মসমর্পণ করার নির্দেশ

জাপানি নৌযান ক্রয় দুর্নীতি মামলায় হাইকোর্টের আদেশ স্থগিত করার জন্য সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আবেদন আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। পাশাপাশি তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2006, 04:33 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

আদালত এরশাদের দায়ের করা লিভ টু আপিল আবেদনের উপর কোনো আদেশ অবশ্য দেননি। অমিত তালুকদার জানাচ্ছেন। (আরও তথ্যসহ)

আপিল বিভাগের চেম্বার জজের দেওয়া এ সিদ্ধান্তের কারণে এরশাদের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, হাইকোর্টের আদেশটি বহাল রয়েছে বলে এরশাদ এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না। অন্যদিকে এরশাদের কৌঁসুলিরা বলছেন, আপিল অনুমতির আবেদনটি (লিভ) মঞ্জুর করা হয়েছে বলে নির্বাচনে অংশ নিতে এরশাদের কোনো বাধা নেই।

মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ জয়নুল আবেদীন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন খারিজ করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর এরশাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি জয়নুল আবেদীনই এ মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করার অনুমতি দিয়েছিলেন ।

ফৌজদারি আইনজীবী আনিসুল হক বলেন, “এরশাদ নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এমনকি কারাগারে গিয়েও নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। ২২ জানুয়ারির আগে তার লিভ টু আপিল আবেদন খারিজ না হলে নির্বাচনী প্রক্রিয়ায় এরশাদ অংশ নিতে পারবেন।”

শুনানির শুরুতেই এরশাদের কৌঁসুলী ব্যারিস্টার রফিকুল হক প্রথমে হাইকোর্টের রায় স্থগিত করার জন্য এরশাদের আবেদন শুনানির অনুরোধ করেন। সঙ্গে সঙ্গেই এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আপিলের অনুমতি বাতিলের আবেদন শুনতে বলেন।

জনতা টাওয়ার মামলার প্রসঙ্গ টেনে এটর্নি জেনারেল বলেন, “ওই মামলায় এরশাদকে নিম্ন আদালত ৭ বছর, হাইকোর্ট ৫ বছর কারাদন্ড দিয়েছিল। কোথাও উল্লেখ নেই যে একসঙ্গে সাজা খাটতে হবে।”

ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, জাপানি নৌযান ক্রয় র্দ্নীতি মামলায় ১৯৯৫ সালে নিম্ন আদালতের রায় হয়েছে। এরশাদ তখন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় এ মামলার চার্জশিট হয়েছে এবং তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব বিবেচনায় হাইকোর্টের রায় স্থগিতের জন্য আবেদন জানান ব্যারিস্টার হক।

আদালত প্রশ্ন করেন, এ মামলায় হাইকোর্টের রায়ের ওপর কেন স্থগিতাদেশ প্রয়োজন? ব্যারিস্টার হক বলেন, এরশাদ নির্বাচনে অংশ নিতে চান বলে স্থগিতাদেশের প্রয়োজন। আদালত পাল্টা প্রশ্ন ছূঁড়ে দিয়ে বলেন, এর আগে কি নিু আদালতে আত্মসমর্পন করার দরকার নেই?

ব্যারিস্টার হক বলেন, এরশাদের আত্মসমর্পন করার দরকার নেই। কারণ এ মামলায় তার সাজা খাটা শেষ হয়ে গেছে।

এ পর্যায়ে এরশাদের অপর কৌসুলী সাবেক বিচারপতি আবদুল মালেক বলেন, এরশাদের আত্মসমর্পন করার দরকার নেই।

আদালত বলেন, এরশাদ কি হাইকোর্টের রায়ের সইমুহুরী নকল (সার্টিফায়েড কপি) পেয়েছেন?

আবদুল মালেক বলেন, রায় এখনও হাতে পৌঁছেনি।

আদালত বলেন, তাহলে কী ভাবে বুঝলেন এরশাদের এ মামলায় সাজা খাটা হয়ে গেছে?

ব্যারিস্টার রফিক উল হক আবার হাইকোর্টের রায় স্থগিত করার আবেদন জানান।

আদালত থেকে বেরিয়ে এসে রফিকুল হক সাংবাদিকদের বলেন, “আপিল বিভাগে এরশাদের আবেদন বিচারাধীন বলে নির্বাচনে অংশ নিতে তার কোনো বাধা নেই।”

আদালত এ আবেদন নাকচ করে দেন। তবে এরশাদের কৌসুলীরা সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় স্থগিতের আবেদন উপস্থাপিত হয়নি মর্মে প্রত্যাহার করা হয়েছে।

ব্যারিস্টার হক বলেন, এরশাদের দায়ের করা সিএমপি আবেদনের কি হবে?

আদালত বলেন, এ বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

আদালত বলেন, এরশাদের অবস্থানই পরিস্কার নয়। তিনি কি কারাগারে আছেন? না জামিনে আছেন? জামিন চাইলে এরশাদকে আগে নিম্ন আদালতে আত্মসমর্পন করে আসতে হবে।

ব্যারিস্টার হক বলেন, এখন তো নিম্ন আদালত বন্ধ।

আদালত বলেন, ফৌজদারি সব আদালত বন্ধ হয়না। একটা না একটা খোলা রয়েছে। এরপরই আদালত আদেশ প্রদান করেন।

গত ১৪ ডিসেম্বর জাপানি বোট ক্রয় দুর্নীতি মামলায় হাইকোর্ট এরশাদের আপিল খারিজ করে তার দুই বছরের কারাদণ্ড বহাল রাখে।

এ মামলায় ১৯৯৫ সালের ৬ জুলাই ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালত এরশাদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিল।

মামলার অভিযোগে বলা হয়েছিল, ১৯৮৯ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ত্রাণ মন্ত্রনালয় ৫শ২০ টি নৌযান ও ১০ টি পানি পরিশোধন যন্ত্র ৩৩ কোটি টাকায় কেনার ক্ষেত্রে এরশাদ প্রভাব বিস্তার করে ৬ কোটি টাকা আত্মসাত করে সরকারের ক্ষতি করেন।

এ অভিযোগে ১৯৯১ সালের ২২ জুলাই এরশাদের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরোর উপ পরিচালক এ কে এম হোসেন।