২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী ফারুককে মনোনয়ন দিলে খুলনা আ. লীগের নির্বাচন বর্জনের হুমকি

খুলনা-২ (সদর-সোনারগাঁ) আসনে প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদকে মহাজোটের প্রার্থী করা হলে নির্বাচন বর্জন করা হবে বলে হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2006, 11:50 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

সোমবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই হুমকি দেন।

ওই আসনে তারা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আজমল আহমেদ তপন, এ দুই জনের যে কোনও একজনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। সেই সঙ্গে এই দাবি আদায়ের জন্য তারা ৬ দিনের কর্মসুচিও ঘোষণা করেন।

কর্মসুচির মধ্যে রয়েছে সোমবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল, মঙ্গলবার দুপুরে রিটার্নিং অফিসারের কাছে আলহাজ্ব মিজানুর রহমান মিজান ও আজমল আহমেদ তপনের মনোনয়ন পত্র জমা, ২৭ ডিসেম্বর বেলা ১১টায় নগরীতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল, ২৮ ডিসেম্বর বিকালে সদর ও সোনাডাঙ্গা থানায় বিক্ষোভ সমাবেশ, ২৯ ডিসেম্বর নগরীর শহিদ নাদিম পার্কে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতীক অনশন এবং ৩০ ডিসেম্বর বিকালে বিক্ষোভ মিছিল।

আজমল আহমেদ তপন সংবাদ সম্মেলনে বলেন, “আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলে মৌসুমী পাখির কোন স্থান নেই। প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদের সঙ্গে খুলনা আওয়ামী লীগের নেতাকর্মীদের কোন সম্পর্ক নেই। খুলনার মানুষ তাকে চেনে না, তার কোনো গ্রহণযোগ্যতা নেই।”

তিনি আরো বলেন, ১৯৭৩ সালের পর থেকে খুলনা-২ আসনটি আওয়ামী লীগের হাত ছাড়া হয়ে আছে। গত ৫ বছর ধরে তারা রাজনৈতিকভাবে দলকে সুসংগঠিত করেছেন। সরকারবিরোধী অন্দোলনে নেতাকর্মীরা ছিলেন নিবেদিত প্রান। আর এ কারণে তারা আশা করেন দলের দুই পরীক্ষিত নেতার যে কোনো একজনকে মনোনয়ন দিলে বিজয় সুনিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদর থানা সাধারণ সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম, ফেরদৌস আলম ফারাজী, শাহনাজ পারভেজ, অমিয় সরকার গোরা, জামাল উদ্দিন বাচ্চু প্রমুখ।