২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একাধিক আসনে প্রার্থী হচ্ছেন এলডিপি নেতারা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ ও মহাসচিব মেজর (অব.) মান্নান একাধিক আসনে প্রার্থী হচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 05:35 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

দলের দুই প্রভাবশালী নেতা অলি আহমেদ ও মেজর মান্নান সাংবাদিকদের এরকম ইঙ্গিতই দিয়েছেন।

রোববার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের বাসায় বৈঠক শেষে বেরিয়ে এসে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনা হয়েছে। তবে কতোগুলো আসন নিয়ে ভাগাভাগি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

তিনি আরও বলেন, সরকার সমস্যার সমাধান করলে নির্বাচন হতে পারে। তবে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি।

২৬ শে ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেবেন কিনা প্রশ্ন করা হলে অলি বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

কতোগুলো আসনে আপনি প্রার্থী হবেন? -সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুই থেকে তিনটা আসনে প্রার্থী হতে পারি।”

দলের মহাসচিব মেজর (অব.) মান্নান বলেন, বৈঠকে নির্বাচনী কৌশল এবং আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। ২৬ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার ব্যাপারে এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।

তবে তিনি বলেন, এলডিপি নির্বাচনে ২০০ আসনে প্রার্থী দেবে। আওয়ামী লীগের সঙ্গে ৬০ থেকে ৭০টা আসনে ভাগাভাগি হতে পারে।

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা- ১০ এবং লক্ষ্মীপুরের একটি আসনে তাঁর দাঁড়ানোর সিদ্ধান্ত চূড়ান্ত। দলের সভাপতি বদরুদ্দোজা চৌধুরীও একাধিক আসনে দাঁড়াবেন বলে তিনি জানান।