২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকদের তোপের মুখে খুলনা সিটি মেয়র

নির্বাচনী প্রচারণায় গিয়ে শনিবার খুলনা সিটি কর্পোরেশনের মেয়র শেখ তৈয়বুর রহমান খালিশপুর প্লাটিনাম জুট মিলের বিক্ষুব্ধ শ্রমিকদের তোপের মুখে পড়েন। শ্রমিকরা তাকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 12:15 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

মিল শ্রমিকরা জানান, বিভিন্ন দাবিতে শ্রমিকরা মঙ্গলবার কয়েক ঘণ্টা উৎপাদন বন্ধ রাখায় কর্তৃপক্ষ সাত শ্রমিককে চাকরিচ্যুত করে।

শনিবার সিটি মেয়র খুলনা-৩ (দৌলতপুর-খানজাহান আলী) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মোটর শোভাযাত্রা নিয়ে মিল এলাকায় পৌঁছলে আন্দোলনরত শ্রমিকরা ইট-পাটকেল ছুড়ে শোভাযাত্রা ছত্রভঙ্গ করে দেয়।

শ্রমিকরা মেয়রের গাড়ি ঘিরে ধরে বিভিন্ন দাবি জানায়। মেয়র এসময় মিলের ডিজিএমের (উপ-মহাব্যবস্থাপক) কক্ষে আশ্রয় নেন। শ্রমিকরা এক ঘণ্টা ওই কক্ষ ঘিরে রাখে।

সেখান থেকে তিনি বের হওয়ার পর শ্রমিকরা আবার উত্তেজিত হয়ে ওঠে। এ সময় তিনি সাত শ্রমিককে পুনর্বহাল এবং সবাইকে ঈদ বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ পাহারায় দ্রুত মিল এলাকা ত্যাগ করেন।

প্লাটিনাম জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি সরদার মোতাহার উদ্দিন বলেন, “দল ক্ষমতায় থাকার সময় মেয়র বঞ্চিত শ্রমিকদের জন্য কিছুই করেননি। এখন আবার ভোট চাইতে এসেছেন। এখন বিএনপি ক্ষমতায় নেই। তিনিও কিছুই করতে পারবেন না।”

মেয়র তৈয়বুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকরা তার গাড়িবহরে ইট-পাটকেল ছোড়েনি বা তাকে অবরুদ্ধ করেনি। প্লাটিনাম জুট মিলের সামনে শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছিল। তাই দেখে তিনি তাদের নিয়ে ডিজিএমের কাছে গিয়ে সাত শ্রমিককে চাকরিতে পুনর্বহালের অনুরোধ জানান।