‘এখনও মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার’
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমান বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেওয়ার কালই (রোববার) শেষ সময়।
তফসিলে কোনো পরির্বতন আসছে কি না এমন প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেছেন, “কাল (রোববার) বলবো।”
শনিবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে তাঁর অফিস কক্ষের লবিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কমিশন সূত্র জানায়, শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারপ্রাপ্ত সিইসি অন্য তিন নির্বাচন কমিশনার মাহমুদ হাসান মনসুর, মোদাব্বির হোসেন চৌধুরী, মো. সাইফুল আলম ও সচিব আব্দুর রশীদ সরকারকে নিয়ে বৈঠকে বসেন।
এই বৈঠকে তফসিলে আরেক দফা পরিবর্তন নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এতে আরেক কমিশনার স ম জাকারিয়া অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবারও তিনি আফিসে আসেননি। তবে তিনি ছুটিতে গেছেন কি না - এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গত ২০ ডিসেম্বর চতুর্থ দফায় তফসিল পরিবর্তনের ঘোষণা দিয়ে জানায়, ২২ জানুয়ারি হবে ভোট গ্রহণ। তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৪ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর তা বাছাই এবং ৩ জানুয়ারি মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
এদিকে শনিবার দুপুরে ১৪ দলের একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাত করেন। আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে নেতৃত্ব দেন।
মাহফুজুর রহমান এ বিষয়ে সাংবাদিকদের বলেন, “১৪ দলের প্রতিনিধি দল এসেছিল। তারা সংবিধান, ভোটার তালিকা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা নিজেরা এ নিয়ে আলোচনা করেছি। কালকেও (রোববার) আলোচনা করবো।”
এর আগে কমিশন সচিব আব্দুর রশীদ সরকার বেলা পৌনে ১ টায় বঙ্গভবনে গিয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে কমিশন সচিবালয়ে ফিরে আসেন। তবে বঙ্গভবনের বৈঠক নিয়ে তিনি সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
বেলা ২টা থেকে দেড় ঘন্টারও বেশি সময় ভারপ্রাপ্ত সিইসির সঙ্গে সাক্ষাত শেষে ১৪ দলের প্রতিনিধি দল প্রধান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে বলেছি, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।’’
তিনি বলেন, “নির্বাচনী আইন ১৯৮২ অনুযায়ী ভোটার তালিকা যেভাবে সংশোধন করার কথা বলা হয়েছে, আর কমিশন যেভাবে তালিকা হালনাগাদ করছে, তা আইন সম্মত হয়নি। আইনে বলা হয়েছে, তালিকা নির্বাচন অফিসগুলোতে টাঙিয়ে রাখতে হবে; ভোটারদের ১৫ দিনের মধ্যে আপত্তি জানানোর সুযোগ দিতে হবে। কিন্তু কমিশন তা করেনি।”
তিনি প্রশ্ন রেখে বলেন, “আমরা নির্বাচনে যে প্রার্থী হবো, আমাদের যে প্রস্তাবক - সমর্থক হবেন, মুদ্রিত ভোটার তালিকা না থাকলে কিসের ভিত্তিতে তা হবে?”
“এই তালিকায় নির্বাচন হলেও আইন অনুযায়ী তা বাতিল হয়ে যাবে” বলে উল্লেখ করেন তিনি। তিনি জানান, তাদের পক্ষ থেকে কমিশনকে কিছু নির্দিষ্ট এলাকার ভোটার তালিকার ত্রুটি তুলে ধরা হয়েছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “সংবিধানে ভারপ্রাপ্ত সিইসির কোনো পদ নেই। তাই এই নির্বাচন কমিশনও সংবিধান সম্মত নয়। এছাড়া ৯০ দিনের মধ্যে (২৫ জানুয়ারি) নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। ভোটার তালিকা ত্রুটিমুক্ত করতে কমিশনের হাতে যেহেতু আর সময় নেই, তাই তারা সরকারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে যেতে পারেন।”
প্রতিনিধি দল প্রধান বলেন, “সংবিধানের ১০৬ ধারায় বলা আছে, জাতি কোনো বিষয়ে আটকে গেলে তা সুপ্রিম কোর্টের মাধ্যমে মিমাংসা করা যায়।”
প্রতিনিধি দলের অন্য সদস্য শেখ সেলিম সাংবাদিকদের বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ৫৪ দিন চলে গেছে। তাই আমরা কমিশনকে বলেছি, আমাদের এই ৫৪ দিন ফিরিয়ে দিন। তারপরেই নির্বাচন করুন।”
১৪ দলের অন্য সদস্যরা হলেন রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, দিলীপ বড়ুয়া, পংকজ ভট্টাচার্য, নূরুল ইসলাম, সাবেক সচিব মোকাম্মেল হক প্রমুখ।
বৈঠক শুরুর আগে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, “আমরা কিছু সুনির্দিষ্ট দাবি নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা করতে এসেছি। ”
তফসিল নিয়ে আলোচনা করবেন কিনা - এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সব বিষয় নিয়েই আলোচনা করবো।”
হাসানুল হক ইনু বলেন,“আমরা কমিশনের কাছে ব্যাখ্যা দাবি করবো তারা ‘ভোটার তালিকা নির্ভুল’ বলছে কোন তথ্যের ভিত্তিতে?”
তিনি আরো বলেন,“রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করে সংবিধান লংঘন করেছেন। নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরি না করেই তফসিল ঘোষণা করে প্রচলিত আইন ও সংবিধান লংঘন করেছে।”
মোকাম্মেল হক বলেন, “এই ভোটার তালিকায় সোয়া দুই কোটি ভুয়া ভোটার রয়েছে। বাদ দেওয়া হয়েছে ৬০ লাখ প্রকৃত ভোটার। এটা শুধু আমাদের বক্তব্য নয় এনডিআই-এর রিপোর্টেও তাই বলা হয়েছে।”
