২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ আইনজীবীর বিরুদ্ধে চার্জশিট দেওয়ার নিন্দা ও প্রতিবাদ

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় ১২ আইনজীবীর বিরুদ্ধে তড়িঘড়ি চার্জশিট দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 08:43 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবার দুপুরে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভা করে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় চার্জশিট দাখিলের তীব্র প্রতিবাদ জানায়।

সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক সাহারা খাতুনের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার কাউন্সিলের সদস্য পি সি গুহ, পরিষদের সদস্য সচিব সুব্রত চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম, বশির আহমেদ, অ্যাডভোকেট আজাহারউল¬া ভুইয়া ও সৈয়দ মামুন মাহবুব।

বক্তারা বলেন, “বিধান লংঘন করে অবৈধভাবে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতা গ্রহণ ও অসাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকার পরিচালনাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে তিনটি রিট মামলার শুনানি শেষে আদেশ প্রদানের মুহূর্তে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল ও চার দলীয় জোটের আইনজীবীদের সক্রিয় হস্তক্ষেপে তা স্থগিত করেন। প্রধান বিচারপতির হস্তক্ষেপে দেশ ও জাতিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়েছে।

“অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব নেওয়া প্রধান উপদেষ্টা দেশের শীর্ষ আইনজীবী যারা রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেছেন, তাদের বিরুদ্ধে হয়রানী ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করিয়েছেন।”

সভায় বক্তারা অবিলম্বে শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম আমিনউদ্দিন এক বিবৃতিতে ড. কামাল হোসেনসহ ১২ আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা চার্জশিট দেওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি বিবৃতিতে বলেন, “আইনজীবীদের ঐক্য বিনষ্ট এবং বেঞ্চ ও বারের সুসম্পর্ক নষ্ট করার হীন উদ্দেশে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা চার্জশীট দাখিল দু:খজনক, নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। মামলার তদন্তকারী কর্মকর্তা বিশেষ মহলের ইঙ্গিতে ও যোগসাজসে অত্যন্ত তড়িঘড়ি করে এই চার্জশিট দেয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

বিবৃতিতে তিনি অবিলম্বে শীর্ষ আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য সংশি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এদিকে পেশাজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ডা. কামরুল হাসান খান এক বিবৃতিতে ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীরউল ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদসহ পেশাজীবী নেতাদের বিরুদ্ধে চার্জশিট প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।