‘আইনী ক্ষমতার অভাবে নির্বাচনী ব্যয়ের হিসাব হয় না’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আইনী ক্ষমতা না থাকায় প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব কখনোই বের করা যায় না।
কিন্তু নির্বাচন কমিশনের ক্ষমতা থাক বা না থাক গোয়েন্দা সংস্থাগুলোর সে ক্ষমতা আছে। কমিশন চাইলে সংস্থাগুলোর মাধ্যমে নির্বাচনী ব্যয়ের হিসাব বের করা সম্ভব।
সিরডাপ মিলনায়তনে শনিবার বিকেলে এক প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা ‘সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)’ -এর ‘হ্যান্ডবুক অন ইলেকশন রিপোর্টিং’-এর তৃতীয় সংস্করণের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হ্যান্ডবুকটিতে স্বাধীনতার পর বাংলাদেশে অনুষ্ঠিত আটটি সংসদ, তিনটি রাষ্ট্রপতি নির্বাচন ও তিনটি গণভোটের বিস্তারিত তথ্য রয়েছে।
দেশি-বিদেশি সাংবাদিক, শিক্ষক ও বেসরকারি সংস্থার কর্মীদের নির্বাচন সম্পর্কিত বেশ কিছু প্রতিবেদনও এতে স্থান পেয়েছে।
এশিয়া ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রকাশিত ও সেড-এর সাধারণ সম্পাদক ফিলিপ গাইন সম্পাদিত ৩৮০ পৃষ্ঠার ওই হ্যান্ডবুকের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা (১০ মার্কিন ডলার)।
সেড চেয়ারম্যান অধ্যাপক ড. সাখাওয়াত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফরিদ হোসেন, কমনওয়েলথ জার্নালিস্টস এসোসিয়েশনের আন্তর্জাতিক সভাপতি হাসান শাহরিয়ার, সংবাদের নির্বাহী সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, সিডা’র গভর্নেন্স অ্যাডভাইজার ফাতেমা হাসান, এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি কিম ম্যাককুয়ে এবং সেড সাধারণ সম্পাদক ফিলিপ গাইন।
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “নির্বাচনের আগে মৌলিক সাংবিধানিক বিষয় নিয়ে অনেক বেশি বিতর্ক হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে ভোটারদের মানসিকতার প্রকাশ ঘটে না।”
ফরিদ হোসেন বলেন, “এ বছর আন্তর্জাতিক মাধ্যমে নির্বাচনী প্রতিবেদনে দেশের দুই প্রধান নেত্রীর দ্বন্দ্বের বিষয়টি গুরুত্ব পাবে। একই সঙ্গে সাম্প্রতিক ইসলামি জঙ্গিবাদের বিষয়টিও উঠে আসবে।”
মনজুরুল আহসান বুলবুল নির্বাচন কমিশনের প্রতি পর্যবেক্ষকদের মতামতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দেশে পর্যবেক্ষকদের মতামত ও মূল্যায়ন প্রতিবেদনের কোনো গুরুত্ব নেই। তাই ঢাকা ১০ আসনের নির্বাচনের ফলাফল নিয়ে অনেক কথা হলেও কোনো লাভই হয়নি।”
