নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে মহাজোটের সিরিজ বৈঠক
আসন্ন নির্বাচনে অংশগ্রহণ, নাকি দাবি আদায়ে আবার আন্দোলন- সে বিষয়টি সুরাহার জন্য শনিবার সুধা সদনে মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে আওয়ামী লীগ।
এর পাশাপাশি দুপুরে সুরঞ্জিত সেনগুপ্ত’র নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন পেছানোসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
আওয়ামী লীগ নেতারা নির্বাচনে অংশ নেওয়া না নেওয়ার বিষয়ে নিজেদের মধ্যেও আলোচনা করছেন। এ জন্য সকাল থেকে দুপুর পর্যন্ত দলের সভাপতিমণ্ডলীর বৈঠক হয়।
বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সাংবাদিকদের সুস্পষ্ট কিছু বলেননি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন রোববার ্এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “অপেক্ষা করুন এবং দেখুন।”
এর আগে বৈঠক থেকে বেরিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, “বর্তমান তফসিলে ঘোষিত সময় অনুযায়ী রোববারের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।”
অবশ্য অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“মহাজোট পুরোপুরিভাবে নির্বাচনের জন্য প্রস্তুত।”
শনিবার মহাজোটের শরিক দলগুলোর সঙ্গেও নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করে আওয়ামী লীগ।
সকালে সুধাসদনে প্রথমে বৈঠকটি হয় জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে।
দুপুরে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগ নেতারা।
১৪ দল সূত্রে জানা গেছে, এলডিপির সঙ্গে আলোচনা শেষে রাতে ১৪ দলের বৈঠক হবে।
