২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচনে অংশ নেবে বলে উপদেষ্টারা আশাবাদী

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নির্বাচনে অংশ নেবে বলে উপদেষ্টারা আশাবাদী। শনিবার বঙ্গভবনের বৈঠক থেকে বেরিয়ে উপদেষ্টারা সাংবাদিকদের কিছু জানাননি। তবে এর পর উপদেষ্টা মইন উদ্দিন খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “আমরা নিশ্চিত যে, মহাজোট নির্বাচনে যাবে। তবে তাদের আরো কিছু দাবি দাওয়া আমাদের পূরণ করতে হবে। উপদেষ্টারা বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলছে।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

শনিবারের বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে মইন উদ্দিন খান বলেন, “এটি আগামীকাল জানিয়ে দেওয়া হবে।”

শনিবার অনির্ধারিত বৈঠকটিতে মূলত পঞ্চমবারের মতো নির্বাচনী তফসিল পরিবর্তন হবে কী-না এবং হলে কী ধরনের পরিবর্তন হবে তা নিয়েই আলোচনা হয়েছে বলে নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়। শনিবার রাতেই আবার বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের আরো একটি বৈঠক হতে পারে বলে সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক উপদেষ্টা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাজোট নির্বাচনে যাবে এটা পুরোপুরি নিশ্চিত হওয়া গেলে আজ (শনিবার) রাত বা কালকের মধ্যেই স ম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরীকে ছুটিতে পাঠানো হবে।

এমনকি কোনো জেলা প্রশাসক, পুলিশ সুপার, ওসি এবং থানা নির্বাহী কর্মকর্তা অথবা নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার বিরুদ্ধে মহাজোটের সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে তাদের ক্ষেত্রেও সরকার একই সিদ্ধান্ত নেবে বলে জানান ওই উপদেষ্টা।

উপদেষ্টা সফিকুল হক চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আমরা বৈঠকে বসেছিলাম। আমরা জেনেছি আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাহফুজুর রহমানের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক করে তাদের বিভিন্ন দাবি জানিয়েছে। তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে আমরা জানিনা। নির্বাচন কমিশন তাদের সুনির্দিষ্ট দাবিগুলো আমাদের জানালে এর প্রেক্ষিতে আমরা আবার বৈঠকে বসবো।”

উপদেষ্টা ধীরাজ কুমার নাথ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের সময়সীমা বাড়ানো যায় কিনা এ ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারকে এই বিষয়টি অবহিত করা হয়েছে।”

ধীরাজ কুমার নাথ আশাবাদী আবদুর রশীদ সরকার নির্বাচন কমিশনে ফিরে গিয়ে আলোচনা করে এই বিষয়ে নতুন একটি সিদ্ধান্ত নেবেন।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে এক উপদেষ্টা জানান, শনিবার সকালে মহাজোটের পক্ষ থেকে সাবেক সচিব মোকাম্মেল হক তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। তিনি নির্বাচন আরও ৪২ দিন পেছানোর প্রস্তাব দেন। ওই উপদেষ্টা জানান, এই বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কোন ভাবেই নির্বাচনের তারিখ পেছানোর পক্ষে কোন উপদেষ্টা মত দেননি।

এর কারণ হিসেবে ওই উপদেষ্টা বলেন, এতে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে অনেক উপদেষ্টা ধারণা করছেন। কারণ সুপ্রিম কোর্টের রেফারেন্স চাওয়া হলে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তারা আদালতের শরণাপন্ন হতে পারেন বলে উপদেষ্টারা আশঙ্কা করছেন।

শনিবারের এ বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যরা ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারকেও ডেকে আনা হয়েছিল।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় হওয়ার মাত্র এক দিন আগে বঙ্গভবনের এ বৈঠকের উপরই রাজনীতির গতি-প্রকৃতি নির্ভর করছে বলে সবার দৃষ্টিই ছিল বঙ্গভবনের দিকে ।

নির্বাচনে অংশ নেওয়ার শর্ত হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল, এলডিপি ও এরশাদের জাতীয় পার্টি নির্বাচনের তফসিল পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। বৈঠকে দুই নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরীর ছুটিতে যাওয়ার বিষয়টিও আলোচিত হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

এর আগে ২০ ডিসেম্বর চতুর্থ দফায় তফসিল পুনঃনির্ধারণ করে নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ২২ জানুয়ারি ঠিক রেখে অন্যান্য সময়সূচিতে রদবদল আনা হয়। তবে একই দিন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট এই তফসিল প্রত্যাখানের ঘোষণা দেয়।

সেসময় নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রজ্ঞাপনে জারি করা নতুন সময়সূচি অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন আগামী কাল রোববার।

এর আগে প্রথম দফায় কমিশন ২৭ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে। এই তফসিল অনুযায়ী, ২০০৭ সালের ২১ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। এতে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ১০ ডিসেম্বর, বাছাইয়ের দিন ১১ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ ডিসেম্বর ঘোষণা করা হয়।

দ্বিতীয় দফায় ৭ ডিসেম্বর ঘোষিত হয় পুনঃনির্ধারিত তফসিল। এতে নির্বাচনের দিন ঠিক করা হয় আগামী ২৩ জানুয়ারি। এছাড়া মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২০০৬ সালের ২১ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৮ ডিসেম্বর ঠিক করা হয়।

তৃতীয় দফায় আবারও ১৮ ডিসেম্বর পরিবর্তন করা হয় তফসিল। ২৩ জানুয়ারি সরস্বতী পূজা থাকায় ভোট গ্রহণের তারিখ একদিন এগিয়ে এনে নির্ধারণ করা হয় ২২ জানুয়ারি। তখন মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়, বাছাই ও প্রত্যাহারের দিনক্ষণ ঠিক রাখা হয়েছিল।

সর্বশেষ চতুর্থ দফায় ২০ ডিসেম্বর আবারও তফসিল পরিবর্তন করা হয়। আজকের এই বৈঠকের পর যদি আবারও তফসিল পুনঃনির্ধারন করা হলে তা হবে পঞ্চমবারের মত তফসিল পুনঃনির্ধারণ।