চার দলের প্রার্থী তালিকা দু একদিনের মধ্যে
চার দলীয় জোট আগামী দুই-একদিনের মধ্যে তিন শ’ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বনানীর হাওয়া ভবনে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, বৈঠকে শরীকদলের জন্য আসন বন্টন নিয়ে আলোচনা হয়েছে। তবে জোটের প্রতীক একক না ভিন্ন হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মান্নান ভূঁইয়া বলেন, দুই-এক দিনের মধ্যে তিন শ’ আসনে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যার জেতার সম্ভাবনা বেশি তাকেই মনোনয়ন দেয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, কেউ যদি এই সিদ্ধান্ত মেনে না নিয়ে ভোটে দাঁড়ায় তার বিরূদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
শীর্ষ নেতাদের বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “কেউ যদি জোটে যোগ দিতে চায় তাদের আমরা স্বাগত জানাবো।”
১৪ দলের প্রতি নির্বাচনে আসার আহবান জানিয়ে তিনি বলেন,“ আপনাদের সব দাবিই তো মেনে নেওয়া হয়েছে।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমীর মাওলনা মতিউর রহমান নিজামী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিজেপির চেয়ারম্যান নাজিউর রহমান মঞ্জুর, মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, মহাসচিব আব্দুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা ইসহাক প্রমুখ।
