২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতির নির্বাচন হতে দেওয়া হবে না: জলিল

আবারো নির্ভূল ভোটার তালিকার দাবি তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেছেন, জালিয়াতির ভোটার তালিকায় নির্বাচন করার চক্রান্ত চলছে। সেই জালিয়াতির নির্বাচন হতে দেওয়া হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2006, 10:32 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

তিনি বলেন, “আমরা নির্বাচন চাই, কিন্তু তার পরিবেশ নেই। ১০ উপদেষ্টা সাক্ষরিত গুচ্ছ প্রস্তাব পুর্ণ বাস্তবায়ন করতে হবে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “আমরা কিসের ভিত্তিতে নির্বাচন করবো। এখনো পূর্ণাঙ্গ ভোটার তালিকাই হয়নি।”

তবে ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন কিনা বা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের সরাসরি জবাব দেননি তিনি।

শুক্রবার রাত সোয়া সাতটা থেকে সোয়া নয়টা পর্যন্ত জলিলের গুলশানের বাসায় ১৪ দলের বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের তিনি বলেন, “শনিবার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সভা, ১৪ দলের সভা এবং মহাজোটভূক্ত জাতীয় পার্টি, এলডিপি ও জাকের পার্টির সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে।”

জলিল রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কঠোর সমালোচনা করে বলেন, “তিনি বিএনপির তাবেদার হিসেবে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার করছেন।”

রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সংবিধানকে পদদলিত করে জনগণের বিপক্ষে রাষ্ট্র পরিচালনা করবেন না। দেশকে অনিবার্য সংঘাতের পথে ধাবিত করবেন না।”

১৪ দলের সমন্বয়ক বলেন, “গুচ্ছ প্রস্তাবে বিতর্কিত দুই নির্বাচন কমিশনারকে সরিয়ে দেওয়ার কথা ছিল। তাদের জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব জানেবুল হককে নির্বাচন কমিশনার নিয়োগ করার কথা ছিল।”

তিনি আরো বলেন, “১৪ দল সাবেক মন্ত্রিপরিষদ সচিব সা’দত হোসেন ও আকমল হোসেনকে নির্বাচন কমিশনার নিয়োগ করার প্রস্তাব করেছিল।”

রাষ্ট্রপতি স ম জাকারিয়াকে ছুটিতে পাঠানোর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন অভিযোগ করে জলিল বলেন, “তিনি সেনা বাহিনীকে নিয়ে খেলছেন।”

গুচ্ছ প্রস্তাব পূর্ণ বাস্তবায়ন করে অবিলম্বে নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমুখ।

এর আগে সকালে ধানমণ্ডির সুধা সদনের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জলিল জানিয়েছিলেন, উপদেষ্টাদের গুচ্ছ প্রস্তাব অনুযায়ী নির্বাচন কমিশনার হিসেবে জানেবুল হকের নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু দুজন বিতর্কিত কমিশনারকে বাদও দেওয়া হয়নি এবং জানেবুল হককেও নিয়োগ দেওয়া হয়নি।

তিনি বলেন, “উপদেষ্টাদের সবাই একমত হয়েছিলেন জানেবুল হকের নিয়োগের ব্যাপারে। কিন্তু সেটা করা হয়নি। তাহলে কিভাবে আমরা নির্বাচনে আমাদের অংশগ্রহণ নিয়ে নিশ্চিত হবো?”

৯০ দিনের সময়সীমার মধ্যে নির্বাচনে ১৪ দল অংশ নেবে কিনা ও ২৪ তারিখের মধ্যে মনোনয়ন পত্র জমা দেবে কিনা এ প্রশ্নের জবাবে জলিল বলেন, “কোনো কিছুই নিশ্চিত নয়। আবার কোনো কিছু অনিশ্চিতও নয়। অপেক্ষা করেন সব কিছু দেখতে পাবেন।”

এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন, “আমাদের নেত্রীর কাছে যে গুচ্ছ প্রস্তাব দেওয়া হয়েছিল তা খণ্ডিতভাবে মেনে নেওয়া হয়েছে। পুরোটা বাস্তবায়িত হয়নি। আমরা এটা চাই না।”

সাজানো নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা করা হয়েছে অভিযোগ করে তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন না করলে এক মিনিটেই ‘না’ বলা যায়। কিন্তু আমাদের ‘হ্যাঁ’ বলতে হলে আমাদের কিছু প্রস্তুতি দরকার।”

তবে একটি সূত্র নিশ্চিত করেছে, মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশ নেবে কি নেবে তা চূড়ান্ত করা হবে।