২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রধান উপদেষ্টা ও ৫৪ দিন ফিরিয়ে দিন: হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবি আবারও জানিয়েছেন। তিনি নষ্ট হওয়া ৫৪ দিন ফিরিয়ে দিতেও বলেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2006, 10:30 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

একই সঙ্গে তার দল আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রাখবে বলেও তিনি জানান।

সাবেক বিএনপি সাংসদ অধ্যাপক ড. একেএম কামরুজ্জামানের আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, “ইয়াজউদ্দিন আহম্মেদের অধীনে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়, কারণ তিনি কারচুপির নির্বাচনের মাধ্যমে বিএনপি-জামায়াত জোটকে আবারও ক্ষমতায় আনার চেষ্টা করছেন।”

ড. কামরুজ্জামান ১৯৯১-৯৬ সাল পর্যন্ত কুমিল্লা-১১ আসনের সাংসদ ছিলেন।

শেখ হাসিনা বলেন, “রাষ্ট্রপতি সংবিধানের ৫৮(৩) ধারা লঙ্ঘণ করে প্রধান উপদেষ্টার পদ দখল করেছেন।”

রাষ্ট্রপতির উদ্দেশে তিনি বলেন, “৫৮(৩) ধারা বাস্তবায়ন করুন।”

নির্বাচনী কর্মকর্তারা ভোটার তালিকা সরবরাহ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে মামলা করার জন্য শেখ হাসিনা দলীয় প্রার্থীদের নির্দেশ দেন।

অত্যন্ত তীক্ষè ভাষায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে হাসিনা বলেন, “আপনারা তথাকথিত প্যাকেজ প্রস্তাব বাস্তবায়নের নামে ৫৪ দিন নষ্ট করেছেন। আমাদের সেই ৫৪ দিন সময় ফিরিয়ে দিন।”

দলে নবাগত অধ্যাপক কামরুজ্জামান বলেন, “জনগণের সেবা করার জন্য ক্ষমতা জরুরি। আমি জনগণের সেবা করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছি, ক্ষমতার অপব্যবহারে জন্য নয়।”