আ. লীগের অবস্থান জানতে সুধা সদনে ইইউ প্রতিনিধি দল
সফররত ইইউ নির্বাচনী প্রতিনিধি দল বুধবার নির্বাচন কমিশন ও প্রশাসনের বিষয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছে।
ইইউ প্রতিনিধি দলটি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সময় এসব বিষয় জানতে চান। ইউরোপীয় ইউনিয়ন এর মূল নির্বাচন পর্যবেক্ষক দলের তিন সদস্য বুধবার সন্ধ্যায় শেখ হাসিনার সঙ্গে তার সুধা সদনের বাসায় দেখা করেন।
প্রায় একঘন্টা ব্যাপী এ বৈঠকে ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের জার্মান সদস্য আলেকজান্ডার গ্রাফ ল্যাম্বসডরফ। আওয়ামী লীগের পক্ষে উপস্থিত ছিলেন সাবের হোসেন চৌধুরী, কাজী জাফরুল্লাহ, সৈয়দ আবুল হোসেন, জিয়াউদ্দিন প্রমুখ।
বৈঠক শেষে ল্যাম্বাসডরফ সাংবাদিকদের বলেন, “আমরা সবার সঙ্গে কথা বলছি। এখনই চূড়ান্ত কিছু মূল্যায়নের সময় আসেনি। সবার সঙ্গে আলোচনা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের অবস্থান জানাবো।”
বৈঠকের পর সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, ইইউ প্রতিনিধি দল প্রশাসন,নির্বাচন কমিশন ও ভোটার তালিকার ব্যাপারে আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছে।
