২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করলেন জাতীয়তাবাদী আইনজীবীরা

সুপ্রিম কোর্টে ভাংচুরের ঘটনায় আইনজীবী সমিতির তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 08:05 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

প্রতিবেদনে ৩০ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে আইনজীবীরা জড়িত নন বলে দাবি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে মঙ্গলবার দুপুরে ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির তদন্ত প্রতিবেদনকে ‘এখতিয়ারবিহীন ও বেআইনি’ বলে আখ্যায়িত করা হয়।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব শাহ মোহাম্মদ খসরুজ্জামান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, ৩০ নভেম্বর সুপ্রিম কোর্টে তাণ্ডবলীলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত কয়েকজন আইনজীবীকে তথাকথিত এই তদন্ত কমিটির সদস্য করা হয়েছে।

তিনি বলেন,“এ জন্য তদন্ত কমিটির রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি।”

তিনি আরও বলেন, “ওই প্রতিবেদন মিথ্যার বেসাতি ছাড়া কিছুই নয়। ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা কর্মীদের রক্ষার জন্যই এ ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে।’

শাহ খসরুজ্জামান বলেন, “তদন্ত কমিটি গঠন সমিতির এখতিয়ার বহির্ভূত। দেশের প্রচলিত আইনে রুজু করা দুটি মামলা যেখানে তদন্তাধীন তখন সে বিষয়ে কোন বেসরকারি সংস্থার তদন্ত পরিচালনা বা প্রতিবেদন প্রকাশ দেশের প্রচলিত আইনবিরোধী।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, হাবিবুল ইসলাম ভূঁইয়া, নিতাই রায় চৌধুরী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন।

ব্যারিস্টার আমিনুল হক সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘৩০ নভেম্বরের ঘটনায় মামলা ও আদালত অবমাননার রুল হয়েছে। বেসরকারিভাবে প্রতিবেদন দিয়ে এসবকে মিথ্যা প্রমাণ করা যাবে না।’