সবার চোখ এখন পল্টনে
দুপুর ২টায় ১৪ দলের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর পল্টন ময়দানসহ আশেপাশের সবগুলো জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এ সমাবেশ থেকেই ১৪ দলের নির্বাচন সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে পল্টন এখন সব মনোযোগের কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের আব্দুল জলিল বেলা ৩টার দিকে ঘোষণা দেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ মহাসমাবেশে এসে ১৪ দলের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এরই মধ্যে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের সমাবেশে এসে পৌঁছেছেন।
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করার কথা থাকায় সবার নজর এখন পল্টনের সমাবেশের দিকে।
পল্টন ময়দানে ঢোকার সবগুলো রাস্তাতে সকাল থেকেই কড়া পুলিশ পাহারা বসানো হয়েছে। আশপাশের উঁচু ভবনগুলোতেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছে।
বেলা সোয়া একটার মধ্যেই ওই সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকে পল্টনে সমবেত হতে শুরু করেন ১৪ দলের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর পুলিশ পল্টন ময়দানের আশেপাশের সবগুলো রাস্তায় যানবাহন চলাচল ও পার্কিং নিষিদ্ধ করেছে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার রোববার মধ্যরাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীতে লাঠি, বৈঠা বা ক্ষতিকারক বস্তু নিয়ে মিছিল বা জনসভায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ডিএমপির আরেক নির্দেশ অনুযায়ী সোমবার সকাল থেকে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, দৈনিক বাংলা, রাজউক, ফকিরাপুল, বিজয়নগর, জিপিও, ফুলবাড়িয়া, বঙ্গবন্ধু স্কোয়ার, কাপ্তানবাজার, জয়কালী মন্দির ও ইত্তেফাক এলাকার রাস্তাগুলোতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।
পুলিশের বিভিন্ন শাখা ও সংস্থাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।
আট হাজার নিয়মিত পুলিশকে সহায়তা দিতে বিডিআর মোতায়েনের পাশাপাশি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে র্যাবকে।
