উত্তরাঞ্চলের ৫ জেলায় হরতাল পালিত
জাতীয় পার্টি দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করেছে।
একটি দুর্নীতি মামলায় হাইকোর্ট বৃহস্পতিবার এইচ এম মুহাম্মদ এরশাদকে দুই বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এই হরতাল ডাকা হয়।
দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের পাঁচ জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা এবং নীলফামারীতে সাবেক সামরিক শাসক এরশাদের সমর্থকরা এই হরতাল পালন করে।
আওয়ামী লীগ জাতীয় পার্টির এই হরতালে সমর্থন জানায়।
বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়া নিয়ে দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে দলের চেয়ারম্যান এরশাদ আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় বিএনপির নির্দেশনা অনুযায়ী এই কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জাপা নেতারা অভিযোগ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নীলফামারী প্রতিনিধি জানান, রায়ের প্রতিবাদে জাতীয় পার্টির নেতা-কর্মীরা রোববার জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা শহরের বাজার ট্রাফিক ক্রসিংয়ের কাছে সরকারী কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। জেলার ১৭ টি রুটের বাস চলাচলও বন্ধ ছিল। সড়ক অবরোধের কারণে শতাধিক দূরপাল্লার বাস নিশ্চল পড়ে থাকে।
জাতীয় পার্টির কর্মসূচির কারণে শহরের ভেতর ও বাইরে নিরাপত্তা জোরদার ছিল।
গাইবান্ধা প্রতিনিধি জানান, জেলার সাতটি উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
জেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। ব্যবসা প্রতিষ্ঠান, বিদ্যালয় ও ব্যাংকও বন্ধ ছিল।
কর্মসূচি উপলক্ষে জাতীয় পার্টির নেতা-কর্মীরা শহরে মিছিল বের করলেও কোন সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। সেনাবাহিনী, র্যাব ও পুলিশ শহরে সতর্ক টহল দেয়।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, জাপা নেতা-কর্মীরা জেলার বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে। তারা জেলা জাতীয় পার্টির সভাপতির বাসভবন এবং পৌরসভার কাছে হৃষিকেশ মোড়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।
টাঙ্গাইল প্রতিনিধি জানান, এরশাদের কারাদণ্ডের প্রতিবাদে জাতীয় পার্টি রোববার জেলার সখিপুর উপজেলায় অর্ধদিবস হরতাল পালন করেছে।
কর্মসূচি উপলক্ষ্যে নেতা-কর্মীরা উপজেলা সদরের বিভিন্ন স্থানে একাধিক মিছিল-সমাবেশ করেন। এ ছাড়া টায়ারে আগুন জ্বালিয়ে দিয়ে তারা সড়ক অবরোধ করে রাখে।
