২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলকে উপদেষ্টা পরিষদের শর্তযুক্ত প্রস্তাব

নির্বাচন কমিশন পুনর্গঠন প্রশ্নে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে শর্তযুক্ত প্রস্তাব দিয়েছে উপদেষ্টা পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 04:50 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

সচিবালয়ের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, এক্ষেত্রে পরিষদ নিশ্চয়তা চায় যে দুই কমশিনারকে ছুটিতে পাঠানোর পর আর কোনো দাবি জানাবে না ১৪ দল। উপদেষ্টা পরিষদের এ প্রস্তাব সম্পর্কে অবশ্য ১৪ দল এখনো কিছু জানায়নি ।

উপদেষ্টা সফিকুল হক চৌধুরী রোববার কৃষি মন্ত্রণালয়ে তার দপ্তরে সাংবাদিকদের কাছ শর্তযুক্ত প্রস্তাবের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, ১৪ দল ইতিবাচক মনোভাব দেখানোর পরই তাদের দাবি অনুসারে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া এবং মোদাব্বির হোসেন চৌধুরী ছুটিতে যেতে পারেন।

সফিকুল জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত টেলিফোনে জানানো হয়েছে। ফিরতি টেলিফোন পেলে ১৪ দলের সিদ্ধান্ত জানা যাবে।

শর্ত দেওয়ার যথার্থতা তুলে ধরে বেসরকারি সংস্থা আশার প্রতিষ্ঠাতা বলেন, “শর্ত না দিলে দলগুলো একটার পর একটা ডিমান্ড দিয়ে যাচ্ছে। এরকম করলে আমরা কেয়ারটেকাররা কোথায় যাবো। দলগুলোকে ‘মিনিমাম’ দাবি জানাতে বলেছি।”

নির্বাচন কমিশনাররা কবে ছুটিতে যাবেন এ প্রশ্নের জবাবে সফিকুল বলেন, “এটা এ মুহূর্তে বলা যাচ্ছে না। এটা নির্ভর করছে দলগুলোর মনোভাবের উপর।”

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সফিকুল বলেন, “মাঠ তৈরি না থাকলে তা খেলোয়াড়রা দেখবে আমরা রেফারি মাত্র।”

সোমবার পল্টন ময়দানে মহাসমাবেশে নিজেও যেতে চান উল্লেখ করে সফিকুল বলেন, “আমি ওখানে বসে শুনবো তারা কী বলে? সমাবেশে কী ঘোষণা দেবে এটা আজ বিকেলে জানতে পারলে আবার ও সন্ধ্যায় তাদের সঙ্গে যোগোযোগের চেষ্টা করা হবে।”

নির্বাচন কারচুপির বিষয়ে সফিকুল হক চৌধুরী বলেন, “সারা পৃথিবীর নির্বাচনেই কারচুপি হয়। তবে কারচুপি বন্ধের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যবস্থার অংশ হিসেবে হাজার হাজার পর্যবেক্ষক আসবে। তাদের অনুমতি দেওয়া হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সুশীল সমাজও নির্বাচন পর্যবেক্ষণ করবে।”