২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে অসংখ্য ভুয়া ভোটার: হাজী সেলিমের অভিযোগ

পুরান ঢাকার লালবাগে অসংখ্য ভুয়া ভোটার রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাবেক সাংসদ হাজী মো: সেলিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2006, 04:24 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে রোববার দুপুরে সাক্ষাত করে তিনি এই অভিযোগ করেন।

আধঘন্টার সাক্ষাত শেষে হাজী সেলিমের পক্ষে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমরা সচিবের কাছে অভিযোগ করেছি যে বিএনপির সাবেক সাংসদ নাসিরুদ্দিন পিন্টুর নির্বাচনী এলাকার ৫৮ নং ওয়ার্ডে বহু ভুয়া ভোটার তালিকাভুক্ত করা হয়েছে। ২০০০ সালে ঐ ওয়ার্ডে ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার। কিন্তু এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজারে।”

তিনি অভিযোগ করেন, ঐ এলাকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা একেবারেই সহযোগিতা করছেন না। নির্বাচনী কর্মকান্ডের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকরাও নাসিরউদ্দিন পিন্টুর মোসাহেব হিসেবে কাজ করছেন।

তিনি আরো অভিযোগ করেন, ইডেন কলেজে আবাসিক ছাত্রীর সংখ্যা পাঁচ থেকে সাত শ’। অথচ ভোটার করা হয়েছে দুই হাজারকে।

এর আগে সকাল দশটার দিকে নির্বাচন পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেওয়া নিয়ে নির্বাচন কমিশনে আন্ত:মন্ত্রণালয় বৈঠক হয়। আব্দুর রশীদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইন, তথ্য, স্বাস্থ্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

এছাড়া কমিশন সচিবের সঙ্গে সাক্ষাত করে শ্রীপুর-কালিয়াকৈর নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ওই এলাকার সাবেক আওয়ামী লীগ সাংসদ অ্যাডভোকেট রহমত আলী।