আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি: রাজশাহী বিভাগের প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত
নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি বেশ দ্রুত এগিয়ে নিচ্ছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী মনোনয়ন প্রায় চূড়ান্ত করে এনেছে দলটি শনিবার পার্লামেন্টারি বোর্ডের বৈঠকে
একটি সূত্র নিশ্চিত করেছে, জোটবদ্ধ নির্বাচনের জন্য এই বিভাগের রংপুর ও দিনাজপুরসহ বেশ কয়েকটি জেলায় জাতীয় পার্টি (এরশাদ) ও এলডিপির জন্য প্রায় ২০ থেকে ২২টি আসন চিহ্নিত করে রেখেছে পার্লামেন্টারি বোর্ড।
সুধাসদনে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শুরু হয়ে চলে রাত প্রায় সাড়ে দশটা পর্যন্ত।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “আমরা রাজশাহী বিভাগের মনোনয়ন প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি।” তিনি জানান, বিভিন্ন জরিপ ও তৃণমূল পর্যায়ে নেতাদের সঙ্গে দলের সভানেত্রী শেখ হাসিনার মতবিনিময়ের ভিত্তিতেই মনোনয়ন চূড়ান্ত করা হচ্ছে।
জাতীয় পার্টি (এরশাদ) ও এলডিপির জন্য আওয়ামী লীগ কতগুলো আসন ছাড়বে জানতে চাইলে জলিল এ প্রসঙ্গে কিছু জানাননি ।
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেন, “আমরা রাজশাহী বিভাগটা গুছিয়ে এনেছি।”
তার দল জাতীয় পার্টি (এরশাদ) ও এলডিপিকে এই বিভাগে কটি আসন ছাড় দেবে জানতে চাইলে তিনি বলেন, “তাদের কিছু প্রস্তাব আছে। আমরা সেগুলো বিবেচনা করে দেখবো।”
