৪ দলে না যাওয়ায় এরশাদের কারাদণ্ড: এলডিপির অভিযোগ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শীর্ষ নেতারা অভিযোগ করেছেন, ষড়যন্ত্রের মধ্যে ফেলে বিচার বিভাগের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এরশাদকে ৪ দলে নিতে না পেরে তাকে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার মহাখালীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণসভায় এলডিপি নেতারা এসব অভিযোগ করেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় এলডিপি প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, “শীর্ষস্থানীয় আইনজীবীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নজীর কোনো দেশে নেই। চাপের মুখে এরশাদকে দুই বছরের জেল দেয়া হয়েছে। এভাবে ‘আইনের ক্রসফায়ার’ না করলেও চলত।”
দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি দাবি করে তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কার, ভোটার তালিকা হালনাগাদ করাসহ, দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। এগুলো শেষ করার পর নির্বাচনের জন্য একমাস সময় দিতে হবে।”
অনুষ্ঠানে এলডিপির নির্বাহী প্রেসিডেন্ট অলি আহমদ বলেন, “নির্বাচন কমিশনকে বিএনপির অঙ্গসংগঠনে পরিণত করা হয়েছে।”
তিনি আরো বলেন, “খালেদা জিয়া রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করেছেন। এলডিপি আগামীতে ১৪ দলের সঙ্গে সরকার গঠন করতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।”
এলডিপি সহ-সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে স্মরণসভায় দলের মহাসচিব আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য ড. নূরুল আমিন ব্যাপারী, জাহানারা বেগম প্রমুখ বক্তৃতা করেন।
