নির্বাচনী তফসিল পুনঃঘোষণার দাবি জানিয়েছেন শেখ হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পুনঃঘোষণা এবং ভোটার তালিকার যথাযথ সংশোধনের দাবি জানিয়েছেন।
তিনি পরবর্তী দুর্যোগের কবল থেকে জাতিকে যেকোনো মূল্যে রক্ষা করতে লুটেরা বিএনপি-জামাত জোটকে প্রতিহত করার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গববন্ধু স্মৃতি জাদুঘরের সামনে শুক্রবার ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে শেখ হাসিনা একথা বলেন। সভায় একাত্তুরের শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসিনা বলেন, “এই ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ তাদের ফল পাবে না।” তিনি বলেন, “ভোটার তালিকা যথাযথভাবে হালনাগাদ এবং তা প্রকাশের পর নির্বাচনের তফসিল পুনঃঘোষণা করতে হবে।”
ভোটার তালিকা সংশোধনের কাজ যথাযথভাবে করা হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগ নেত্রী বলেন, “বিএনপি-জামাত জোট আবারও ক্ষমতায় ফিরে এলে মা (বিএনপি চেয়ারপারসন) রাষ্ট্রপতি এবং ছেলে (তারেক রহমান) প্রধানমন্ত্রী হবেন।”
তিনি বলেন, “বিএনপি-জামাত জোট কোন প্রতিপক্ষ ছাড়াই খেলায় গোল করতে চায়। কারণ তারা বুঝতে পেরেছে জনগণ তাদের আবার ক্ষমতায় আনার জন্য ভোট দেবে না।”
শেখ হাসিনা বলেন, “বিগত বিএনপি-জামাত জোট সরকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে ধ্বংসের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল।”
জলিল বলেছেন, যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই লক্ষ্য অর্জিত হয়নি। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার শপথ নিতে হবে।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলির সদস্য জিল্লুর রহমান, সৈয়দা সাজেদা চৌধুরী, আমীর হোসেন আমু, তোফায়েল আহম্মেদ, সুরঞ্জিত সেন গুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, দলের সাধারণ সম্পাদক আবদুল জলিল এবং রশীদ হায়দার।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তৌহিদ রেজা নূর।
