২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংকট উত্তরণে প্রত্যয়ী নতুন উপদেষ্টারা

পদত্যাগী চার উপদেষ্টা না পারলেও তাদের জায়গায় আসা নতুনরা চলমান রাজনৈতিক সংকটের জট ছাড়ানোর ব্যাপারে বেশ প্রত্যয়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 04:08 PM

তাদের মতে অতীতে এর চেয়েও জটিল সব সমস্যার সমাধান হয়েছে। আলোচনায় বসে সব সমস্যার সমাধান সম্ভব। গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেও আশাবাদী তারা।

চার উপদেষ্টার পদত্যাগের একদিন পরই রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ অতি দ্রুত এই চারজনকে নিয়োগ দেন। শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে তারা দপ্তরও পেয়ে যান।

দায়িত্ব বুঝে নিতে বুধবার সকালেই নতুন উপদেষ্টারা নিজ নিজ কার্যালয়ে চলে আসেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা শফিকুল হক চৌধুরী বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় সেনাবাহিনী পুলিশের কাজ করলে কোনো সমস্যা নেই।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “কোনো শর্ত দিয়ে আমাকে আনা হয়নি।”

উপদেষ্টাদের মধ্যে নতুন করে কোনো মতের অমিল সৃষ্টি হবে কিনা প্রশ্নের উত্তরে তিনি বলেন, “মতভেদ সৃষ্টির কোনো প্রশ্নই এখানে আসছে না।”

উপদেষ্টাদের পদত্যাগের ধরনের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেন, “আমি হলে চারজন একসঙ্গে নয়, বরং সাতদিন পর পর একে একে পদত্যাগ করতাম।”

উপদেষ্টা মেজর জে. (অব.) রুহুল আলম চৌধুরী বলেন, “শর্ত সাপেক্ষে নয়, একটি সংকটময় মুহূর্তে পদ গ্রহণ করেছি। জাতীয় প্রত্যাশা পূরণ করার গুরু দায়িত্ব নিয়েছি। যেভাবেই হোক সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হবে।”

রুহুল আলম নিজের ওপর ভীষণ আস্থাশীল। বললেন, “নিজের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। বিরাজমান সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই। রণে ভঙ্গ দিয়ে পিছিয়ে আসার লোক নই আমি। এটা উচিতও না।”

চার উপদেষ্টার পদত্যাগ বিষয়ে তিনি বলেন, “এটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়।”

১৪ দল প্রসঙ্গে রুহুল আলম বলেন, “তারা সবাই অভিজ্ঞ, সমাজের বিবেক। তাদের কথার মূল্য আছে। তবে যে ব্যবধানটা আছে সেটা খুব বেশি বলে মনে হচ্ছে না। আলোচনায় বসেই সমাধানের পথ বের করা সম্ভব। অতীতে এর চেয়ে বড় বড় সমস্যার সমাধান হয়েছে।”

উপদেষ্টা শোয়েব আহমেদ বলেন, “আমি ১৪ দলের মতকে সমর্থন করি। তাদের শ্রদ্ধা করি, সবাই দেশপ্রেমিক। ১০ জনের পরিবারে যেখানে অনেক মতভেদ থাকে, সেখানে ১৪ কোটি মানুষের দেশে সমস্যা, মতপার্থক্য থাকতেই পারে। এ সঙ্কট মোকাবিলা করতে হবে।”

১৪ দলের দাবি অনুযায়ী দুই নির্বাচন কমিশনার পদত্যাগ না করলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তার ধারণা। তবে তিনি এও বলেছেন, “তারা পদত্যাগ করলে নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য।

এক্ষেত্রে আরও একটি বিকল্প উপায়ের কথা তিনি জানিয়েছেন, সেটা হলো একাধিক কমিশনার নিয়োগ দিয়ে ভারসাম্য রক্ষা করা।

তার মতে, নির্বাচন কমিশনে নিরপেক্ষতার চেয়েও ভারসাম্য বেশি প্রয়োজন।

ড. শোয়েব আহমেদ বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য যেভাবে কাজ চলছে, অর্থনীতির চাকা সচল রাখতে একইভাবে কাজ করতে হবে।

তিনি জানান, প্যাকেজ প্রস্তাবের যে ১০ শতাংশের বাস্তবায়ন বাকি রয়েছে উপদেষ্টারা আলোচনা করে তা বাস্তবায়নের চেষ্টা করবেন। পদত্যাগ করা উপদেষ্টারা এই ১০ শতাংশ প্রস্তাব বাস্তবায়নের রাস্তা তৈরি করে দিয়েছেন নতুনদের জন্য।

শোয়েব আহমেদ জাতীয় সংকট ও জটিলতার কথা স্বীকার করে বলেন, “সংকটই মানুষকে ত্রুটিহীন করে। ক্রাইসিস মেকস আ ম্যান পারফেক্ট।”