নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে: কমিশন সচিবের দাবি
নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেশে বজায় রয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশন সচিব আব্দুর রশিদ সরকার। এছাড়া নির্বাচনের তারিখ দুই-একদিন এগিয়ে আনা যেতে পারে বলেও জানিয়েছেন তিনি।
সচিব বুধবার দুপুর ২টার দিকে তার কক্ষে সাংবাদিকদের বলেন, “যথা সময়ে নির্বাচনের ব্যাপারে আমি অবশ্যই আশাবাদি। তফসিল ঘোষণা করে নির্বাচন করা কমিশনের কাজ।”
তিনি বলেন, “দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে এবং সেক্ষেত্রে সব দলকে এগিয়ে আসতে হবে।” তিনি দেশের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী বলেও অভিহত করেন।
নির্বাচনের তারিখ পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের তারিখ দুই-একদিন এগিয়ে আনা সম্ভব। দুই রাজনৈতিক জোটের সঙ্গে কথা বলেছি। তাদের মতামত পাইনি। তাদের সবুজ সংকেত পেলেই নির্বাচনের তারিখ পুনরায় নির্ধারণ করা যেতে পারে।”
চার উপদেষ্টার পদত্যাগ নির্বাচনকে প্রভাবিত করবে কিনা-এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “ তেমন কোন প্রভাব ফেলবে না।”
এর আগে বেলা ১২টার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক হয়েছে বলেও তিনি জানান।
